ফেসবুক লগইন করে দেখি, আমার ফ্যাক্টরির প্রডাকশনের দায়িত্বে থাকা একটি ছেলে রিকুয়েস্ট পাঠিয়েছে। বয়স বিশ-একুশ। আমার প্রফইল পিকচার ও টাইমলাইনে তেমন কোন ছবি না থাকায় হয়তো আমাকে চিনতে পারে নি। শুধু নামের মিল থাকাতেই সে রিকুয়েস্ট পাঠাইছে।
শুধু রিকুয়েস্ট পাঠিয়েই থেমে থাকে নি ইনবক্সও করেছে।
"হাই দোস্ত কেমন আছ? রাগ কইরো না সোনাপাখি আমি তোমার বন্ধু হইবার চাই। আমাকে এ্যাড করো আমি সারাদিন এক্টিভ থাকি"
....এই লেখাটি আমি এ জন্য লিখছি যে, সেদিন একজন ইয়াং ট্রাফিক পুলিশ আমার সামনে থাকা একটি গাড়ি আটকিয়ে সাইড করতে বললেন।
লোকটি গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে বাংলা সিনেমার ভিলেন ডিপজলের ঢংএ ধমক দিয়ে বললেন, "ব্যাটা ফাউল চড়াই দাঁত ফালাইয়া দিমু। আমারে চিনো না? অই তুমি আমারে চিনো না?"
ট্রাফিক পুলিশ থতমত খেয়ে গেলেন। ভয়ে তার চোখ-মুখ শুকিয়ে গেছে। আস্ত করে বললেন, "জ্বি না চিনতে পারি নাই।"
গাড়ির ভদ্রলোক তার পরিচয় দিয়ে গাড়িতে চেপে বসলেন।
....চলার পথে অনেকের সাথে আমাদের দেখা হয়। আমরা জানি তাদের ভেতর গুরুত্বপূর্ণরাও থাকেন। যাদের "আমারে চিনো না?" বলে ধমক দেয়ার মতো পাওয়ারও থাকে।
কিন্তু সে পরিচয়টা তো কারও গায়ে লেখা থাকে না। আর পোস্টার ফেস্টুনের ফটোশপ মার্কা ছবি দেখে তো বাস্তবে কাউকে চেনার উপায় আছে বলেও মনে হয় না।
আমার ফ্যাক্টরির সেই ছেলেটি যদি আমাকে চিনতো, তবে কি আমাকে ইনবক্স করে 'সোনাপাখি' বলে ডাকতো? কিংবা কাজ-কাম রেখে সারাদিন ফেসবুকে এক্টিভ থাকে সে-কথা ইহজনমে বলতো??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

