সময়ের হিসেব কর তুমি অবাধ্য ঘড়ির কাঁটায়
কিংবা দিন মাস বছরে।
কত সময় লাগে বল, হৃদয়ে প্রবেশিতে
সময়ের স্রোত বয়ে চলে স্মৃতির
এলোমেলো গভীর চোরা পথে।
ভাবো তুমি, ছিল মাত্র কয়েকটি দিন
জানো না, সেই দিনগুলি হয়েছে আজ
অসীমে বিলীন।
হাজার বছর ধরে সময়ের চোরা পথে
মনের আনাচে কানাচে ঘুরে ঘুরে
পেতেছ আসন মোর হৃদয় দ্বারে।
কয়েকটি দিন নয়, কয়েক শতাব্দী ধরে
হোক না তবু শত আলোকবর্ষ দূরে
চেনা অচেনার দোলাচলে
ঘুরেছি কত দুজনে
অপরূপ নিষিদ্ধ সব নগরে নগরে।
রবে না তুমি জানি, নেইও আজ তাই
হৃদয় গভীরে তবু উঁকি দিয়ে যাই।
খুজতে হয় না তব হৃদয় খুঁড়ে খুঁড়ে
চলে গিয়েও আজ রয়েছ তুমি
হৃদয়ের পুরোটা জুড়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



