৩৮০ টাকা দিয়ে এক জোড়া কাপড়ের জুতা কিনলাম। অতপর সেই যে দৌড় শুরু করলাম- এখনও চলছে। প্রতিদিন ফজরের পর জুতা জোড়া পায়ে দিয়ে সোজা ছুট অদূরের সেই মাঠে। ডাক্তার বলেছেন, হ্যা, হাজার হাজার টাকার টেস্ট আর ৫০০ টাকার ভিজিটের প্রেসক্রিপশন হচ্ছে- আপনার কোন অসুখ নেই। আছে ঘুমের ঘাটতি, আছে খাবারের ঘাটতি। প্রতিদিন ৭ ঘন্টা ঘুমাবেন, ডিম দুধ বিপুল পরিমাণে খাবেন আর প্রতিদিন সকালে ব্যায়াম কমপক্ষে ১ ঘন্টা।
ডাক্তারের উপর রাগ করে শুরু করলাম দৌড়। এতগুলো টাকা খরচ করে একটা রোগও ধরা পড়লোনা, ব্যায়ামেই মুক্তি?? ঠিক আছে, চালাও ব্যায়াম। সেনা কর্মকর্তাদের স্বাস্থের প্রতি আমার সব সময় হিংসা হয়। এরশাদ চাচাকে অন্তত এ ক্ষেত্রে আদর্শ মানতে আপত্তি নেই। তো সেদিন এক ক্যাডেট কলেজের ছাত্রের কাছে শুনলাম প্রতিদিন ওরা তিন কিলোমিটার দৌড়ায়। আমিও চেষ্টায় আছি। সেনা কর্মকর্তাদের আগে ওদের অনুসরণ করার চেষ্টা করি।
সুফল পাচ্ছি, এই পনের বিশ দিনে মোটামোটি ভালোই সুফল পাচ্ছি। শরীর কেমন যেন করা, মাথা ঝিম ঝিম করা, পেট ফাপা, এগুলোর অস্তিত্ব আর তেমন টের পাচ্ছিনা। দেখা যাক কতদূর পারি। আল্লাহর রসূল বলেছেন, মুমিন ব্যক্তি হবে এমন কর্মঠ যে, মৃত্যুর সময় তার কপালে ঘাম থাকবে। আল্লাহর কাছে তেমন মুমিন হবার আকাঙ্খা পেশ করছি। যে কদিন বাঁচি, সুস্থ সবল ভাবে, মানবতার কল্যাণে কিছু ভূমিকা রাখার মত পরিশ্রম করে যেন জীবন কাটাতে পারি।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



