বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক নিয়ে সমবেদনা জাননোর নামে নোংরা রাজনীতি না করতে অনুরোধ জানিয়েছেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। শনিবার রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিমুল বিশ্বাস সাংবাদিকদের এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, ‘ সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর আমাকে ফোনে বলেছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে শোক প্রকাশ করতে চান। আমি তখন বলেছি, ম্যাডাম ঘুমিয়েছেন। ঘুম থেকে উঠলে তার সঙ্গে কথা বলে আজ রাতে হোক আর কাল হোক আমি জানাবো। কিন্তু তারপরও প্রধানমন্ত্রীর আসার খবর শুনে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়েছিলাম শোক বই নিয়ে। কিন্তু তার আগেই তিনি চলে যান। অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা গেট খুলিনি। এটা ঠিক নয়।’
তিনি আরও বলেন, খালেদা জিয়ার এই শোকে দেশবাসী শোকাহত। তার এই শোককে নিয়ে কেউ যেন কুৎসিত রাজনীতি না করে। প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের কর্মকর্তারা যেন বাংলাদেশের অচলাবস্থা নিয়ে যথাযথ ভূমিকা রাখেন।
এর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অভিযোগ করে বলেন, ‘সব প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী মানবিক কারণে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। একজন নেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবে, অন্য একজন মা’কে সান্তনা দিতে ছুটে এসেছিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। গাড়ি থেকে নেমে কার্যালয়ের সামনে কিছুক্ষণ দাড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ভেতর থেকে গেট না খোলায় তিনি চলে যান বলে জানান ইকবাল সোবহান চৌধুরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



