‘নারী কখনো পুরুষের সমান হতে পারে না। এটা কখনো সম্ভব নয়।’ বলে মন্তব্য করেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান পদে নিয়োগ পেতে যাওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আদ্দিস আবাবায় এ বিতর্কিত মন্তব্য করেন তিনি। শুক্রবার আদ্দিস আবাবায় এ সম্মেলন শুরু হচ্ছে। ৯০ বছর বয়সী মুগাবের এ মন্তব্যে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
আফ্রিকান ইউনিয়নের এবারের শীর্ষ সম্মেলেনের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নারীর ক্ষমতায়ন’। সেখানে নারীদের নিয়ে মুগাবের এ মন্তব্য একেবারেই বেমানান।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ভয়েস অব আমেরিকার জিম্বাবুয়ে প্রতিনিধি সান্ড্রা নায়ারেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মুগাবে বলেন, ‘মাঠের কাজ তাদের জন্য সহজ নয়। বিয়ে হলে তাদের অবশ্যই সন্তান থাকতে হবে। সেক্ষেত্রে তাদের অবশ্যই বাড়িতে বাস করতে হবে এবং এটাই হচ্ছে মূল সমস্যা। আমি বলতে চাচ্ছি, নারীরা কখনো পুরুষদের সমকক্ষ হতে পারে না। এটি কখনো সম্ভব না। আপনি দেখেন, আমরা পুরুষেরা সন্তান চাই। আমরা নারীদেরকে যে ক্ষমতায় দেখতে চাই, তাহলো তাদের গর্ভবতী হওযার ক্ষমতা।’
মুগাবের এই ধরনের মন্তব্য এটাই প্রথম নয়। ২০১৩ সালে তিনি তার বিপক্ষ রাজনৈতিক নেতাদের ‘নিছক নারী’ বলে অপমান করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





