শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহ সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে আজ সোমবার এ রিট মামলাটি দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে এটি শুনানির অপেক্ষায় রেখেছেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ মামলাটি দায়ের করেন। এর আগে তিনি শীর্ষ নিউজ ডটকমকে জানিয়েছিলেন, ৭ দিনের মধ্যে শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে গত ১২ এপ্রিল সরকারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়। নোটিশে একই সাথে শেয়ার কেলেংকারির সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সরকারের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত সচিব, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএমপি কমিশনার এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর পুঁজিবাজারে ব্যাপক ধ্বসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
sheershanews

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


