যতটুকু আলো তুমি আঁচলে মেখেছ সগর্বে,
ঠিক ততটুকু অন্ধকার তোমার পেছনে ফেরে ছায়া হয়ে।
যতটুকু ভালবাসায় তুমি মর্মমূলে উদ্ভাসিত হও,
ঠিক ততটুকু ঘৃণা তোমার করোটিতে শীতঘুমে কাতর!
প্রত্যেকটা মঙ্গল প্রদীপের পবিত্র আয়োজনে,
দুই পা ছড়িয়ে মালা গাঁথে ঘন ঘোর অমঙ্গল!
যতবার আমি খাদের কিনার হতে পা হড়কে আচমকা,
তোমার হাত ধরে বেঁচে উঠতে চাই আকুল অসহায়,-
ঠিক ততবারই অন্ধকূপের গভীর থেকে অচেনা প্রেমে ,
লকলকে সম্মোহনী ফনা তোলে এক বিচ্ছিন্নতাবাদী নাগিনী!
দুঃসহ চোরাবালিতে ডুবে যাওয়ার পৌনঃপুনিক সমাপ্তি চক্রে,
হাহাকার জাগিয়ে উড়ে যায় বিষন্ন বিকেলের টোলপড়া স্মৃতি ।
সব নদীদের জন্যই কোন না কোন সমুদ্র অপেক্ষায় আছে জেনেও,
স্বপ্নগুলো সব ডানাভেঙ্গে ঝরে পড়ে আকাশের কিনার গড়িয়ে।
জিততে চাইলে একদিন তবে ঠিকই হেরে যেতে হয় বলেই বোধহয়,
পরাজিত হৃদয়ের অলিতে গলিতে ফুটে থাকে টকটকে রক্তজবা ফুল।
আত্মঘাতী বাসনারা কভু পিছুটানে বিভ্রান্ত হবেনা বলেই শুধু,
খসে যাওয়া তারাদের আছে ইচ্ছেপূরনের ইন্দ্রজাল অধিকার!
বৃষ্টির কাছে লুট হবার অলঙ্ঘনীয় নিয়তি জেনেও পথে নামে মেঘ,
কোন কোন ভোরের আলোয় হতে ইচ্ছে করে জলের মত অকপট সরল,
ভালবাসা হতে চেয়েছিলাম আমিও, যা কিনা নিস্তব্ধতার মতই হিরণ্ময়,
বিশ্বাস হতে চেয়েছিলাম আমিও, যা কিনা অরণ্যের মতই সহজাত,
ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


