কিছু কিছু মেঘে সমুদ্র পাঠায় পত্র পর্বতের কাছে,
পত্রে অতলের কিছু দুঃখ গাঁথা থাকে জমাট গোপন,
যা হয়ত কেবল নিঃসঙ্গ শিখরকেই বলা চলে,
যা হয়ত কেবল অভিমানী এক একলা চূড়াই বুঝতে পারে।
প্রান ঝরে ঝরে অসূর্যস্পশ্য অতলের অন্ধকার উৎসবে,
বিয়োজিত জৈবিক অনু বয়ে আনে পূর্ব জনমের পূর্নিমা স্মৃতি,
কিছু কিছু মেঘে আবার ডুবে যাওয়া শিখরের কান্না থাকে স্বাধীনের প্রতি,
তবে কিনা তারা খুব কমই উড়ে যেতে পারে দিগন্তের সীমানা পোষ্টে,
তাইতো কিছু মেঘ শুধু ঝরে পড়ে চন্দনের বনে,
তাইতো কিছু ঝড় উপকূলে উপকূলে উপড়ে ফেলে গোলাপের সব আয়োজন ।
কিছু কিছু নদী ফিরতি খামে ছুটে চলে পদাতিক প্রহর গুনে,
সমুদ্রের মোহনা বাক্সে ফেলতে হবে পর্বতের সফেদ নিঃসঙ্গতার দিনলিপি,
পথে পথে মাটির আলিঙ্গনে নদীর বুকে জাগে মোহিনী প্রেম,
মেঘ হয়ে যে জল কাশফুলের আঁচলে দেখেছিল তরুনী বাসনার মেলা,
নদী হয়ে সেই জল মিলনের মধুঘাম স্নানে বয়ে চলে হাসিমুখ স্রোতে।
সব শরতে কাশফুল ফুটলেও,
সব ভালোবাসা চতুর্দশপদী আবহে জমে না,
কিছু স্বপ্ন গাংচিলের সাথে পাখা মেলে ডুবে যায় হলুদ নদীতে,
বাতাস আর বর্ণচোরা পালের দিকনিষ্ঠ ভালবাসায়,
সরীসৃপের মত বুক পেতে গড়িয়ে চলে শিমুল মেঘ।
শঙ্খীল শরতের অশরীরী ঝাঁঝালো গন্ধে মাতাল চড়ুইয়ের ঝাঁক,
এক চিলতে রোদ্দুর আর এক দানা অন্নের নবান্ন সম্মেলনে,
কাশবনে কাশবনে পবিত্র নৈবেদ্যের পসরা সাজিয়ে তোলে।
সেইসব রাতে তারাদের নীল আত্মা ভর করে জোনাকিদের হৃদয়ে,
আকাশগঙ্গার জানা আছে যদিও আদিম সূর্যের নিখুঁত বৃত্তান্ত,
অচিন দীঘির জানা আছে যদিও সাদাকালো জোছনার বশীকরণ মন্ত্র,
নিঃস্বঙ্গ অরণ্যের কাছে তবু অপেক্ষায় মাথা কুটে যায় এক ক্ষুধার্ত মরুভূমি।
*** ছবি নিজ বাগিচার, তবে ফুলের নাম জানতে চেয়ে দয়া করে লজ্জা দেবেন না! বরং কারও জানা থাকলে জানিয়ে যাবেন আশ করি! কবিতাদেরও নাম জানি না, নাম না বলেই পাখি উড়ে গেছে!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



