![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
কবি ও কাক!
ব্রেকিং নিউজঃ
শহরে ইদানীং কাকের থেকে কবির সংখ্যা,
বেড়ে গেছে আশংকাজনকভাবে।
সাম্প্রতিক এক জরিপে পাওয়া রিপোর্টে এই কথা বলা হয়।
আবর্জনারা ইতিমধ্যে স্বারকলিপি দিয়েছে শহরের মেয়রকে,
ডাস্টবিনগুলো দিয়েছে লাগাতার বিক্ষোভ কর্মসুচী,
রুদ্ধদ্বার বৈঠক শেষে উদ্বেগ প্রকাশ করেছে বর্জ্য-জীবী কুকুরদের
মুখপাত্র,
- শহরে কবিদের সংখ্যা যে বেড়েই চলেছে হু হু সর্বনাশী!
ওদের চোখে, ওদের কবিতায় ঝরছে ব্যর্থ তাপ,
অজান রশ্মি ফেলে ওরা পুড়িয়ে দিচ্ছে
পথচারীদের তেলতেলে মুখোশ,
কপালের চাঁদিতে বোমারু কাকেদের পুরীষ বর্ষনের থেকেও,-
কবিদের আস্ফালন বড় অসহ্য!
কবিগুলোকে সব ঝুলিয়ে দাও,
পুড়িয়ে দাও,
ওরা সভ্যতার অনর্থক অপচয়!
ওরা মহামূল্যবান অক্সিজেন ধ্বংস করে,-
নিঃশ্বাসে ছাড়ে অদৃশ্য বিষ!
যে শহরের মানুষেরা আবর্জনা পূজারী,
ডাস্টবিন গুলোকে বানিয়েছে নির্বাণ মন্দির,
কাকেরাই সেখানকার সুরম্য শোভা,
কাকেরাই এখানে একমাত্র স্বাগতম!
ফেলানী, তোর জন্য!
তুমিও মানুষ, আমিও মানুষ,
তোমার আমার মধ্যে-,
কে গেঁথে দিল এই কাঁটাতার সীমান্ত?
আমার হাতে কলমের মত করে,
যদি একটা বন্দুক থাকতো,
পৃথিবীর কাঁটাতারগুলোকে সব,
কুকুরের মত গুলি করে মারতাম,
পিলারগুলো ঝুলিয়ে দিতাম বিনাবিচারে,
তারপর গুলি করতাম সব বন্দুককে,
যাতে করে তোর মত কোনো ফেলানী,
কোনোদিন কখনও,-
দ্বিপদী এক হায়েনার লক্ষ্যভেদের ট্রফি হয়ে,
ঝুলে না থাকিস নির্বীর্য কাপুরুষ সভ্যতার তারে।
একজন নামানুষ!
মারদাঙ্গা এক চাঁদের মায়ায়,
আমায় টেনে ছিঁড়ে নিয়ে যায় !
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি,
তোমার কাছ থেকে কেমন লুট হয়ে গেলাম।
নীলাভ ভয়াল একটা মিঠে চাঁদ-
কেমন আলতো সামান্য এক আলোর ছোবলে,
পথের ধুলোয় গৃহবন্দী হল মাতাল পর্যটক।
তারপর থেকেই তো আমি-
না যোগী, না প্রেমিক,
না ভণ্ড, না কামুক,
না কবি, না বনিক,
না গৃহী, না ঋষি,
না জটিল, না সরল,
না জল, না সমুদ্র,
না উল্লাস, না স্বপ্ন,
না পথ, না আলো,
না লোভী, না বিপ্লবী,
না মুচী, না সম্রাট,
না মেঘ, না রৌদ্র,
তারপর আর কিছুই না, শুধুই নামানুষ-
সেদিন থেকেই তো আমি একজন নামানুষ..
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
*** আজকেই এই বছরের শেষ দিন, কবিতাগুলো এক জায়গায় করছিলাম, কবির ক্লোজিং আর কী! এর মধ্যে কয়েকটা কবিতা পেলাম, ব্লগে বছরের অন্তিম একটা পোস্টও হয়ে যাচ্ছে! ২০১৩ সালে আর কিছু যোগ করার এটাই তো শেষ সুযোগ! কবিতার সাথে বাগিচার কিছু ছবি!
সবার জন্য ভালোবাসা, যাচ্ছে দিন যেমন তেমন, আসুক দিন আরো ভালো!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



