আগুন হয়ে পোড়াস যদি,
আমিও হতে পারি রাতজাগা তারার ওম!
মেঘ হয়ে কাঁদাস যদি,
হতে পারি বৈশাখের প্রথম বৃষ্টি, বিন্দুবৃত্ত ঝড়!
সাঁঝ হয়ে আমায় ফেরাস যদি,
হতে পারি তিমির তাড়ানিয়া সুর-
বাঁশি হয়ে উড়ে যাতে পারি দুঃসহ দিগন্ত পেরিয়ে।
গোলকধাঁধা হয়ে হারাস যদি,
আমিও হতে পারি আঁকাবাঁকা মেঠো পথ-
শুধু তোর পায়ে চুমু খাবো বলে,
শুধু তোর ধুলোয় নির্বাণ হবো বলে!
পর্বত চূড়ার মত শুভ্র আঁচলে একলা হলে,
তোর এক ছোঁয়াতেই আমি নদী হতে পারি,
ছুটতে পারি সমুদ্রে, বাসনার জলে ঝরতে পারি ঝর্ণা ঝরঝর।
তুই ভুলে গেলে আমাকে হতে হবে অনন্ত নীল-
নীলিমায় তাজা রক্ত ছিটিয়ে সিঁদুর রঙে বলতেই হবে-
ভালোবাসি তোকে!
ভালোবেসেছি তোকে!
ভালোবাসবোই তোকে!
*** কবিতাটা ব্লগার বটবৃক্ষের খুব পছন্দ হয়েছিল, তাহাকেই প্রদান করিলাম! সঙ্গত কারনেই সাথে টিঙ্কুর আব্বুকেও সংযুক্ত করা হইলো!
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



