১.
উড়ে যায় স্বপ্ন কংক্রিট রাস্তায়
এঁদো ডোবার জল উড়ে গেছে হাওয়াতে
নিবে গেছে একশ'টা স্মৃতির প্রদ্বীপ
ইলেক্ট্রিক তারে ছেয়েছে আকাশ
ফানুস কিংবা ফ্লাইং সসার নেই গল্পে
নদী মরেছে বলে কেউ কাঁদে নি আর
পাইলিং-এর শব্দে ঘুম ভেঙ্গে যায়
হাওয়ায় মিলিয়ে গেছে যা কিছু চাওয়া পাওয়া
হয়তো বাকি ছিল কিছু বলবার
হয়তো বাকি ছিল কিছু করবার
সবই স্বপ্নের মত ছায়া ফেলে
কংক্রিট রাস্তায় মেঘের মত করে
২.
আমার ভাবনার মাঝে তুমি
তবু তুমি আমার নও
বৃষ্টিরাতের স্বপ্ন তুমি
তবু তুমি বৃষ্টি নও
সেই তারার রাত্রি আসে না ফিরে
আসে না ভুলে যাওয়া সন্ধ্যা
আমার সঙ্গী এখন কেবল
বৃষ্টির প্রক্কালে এ ঝড়ো হাওয়া
৩.
কে জানে কিভাবে বড় হয় মানুষ
কতটুকু বড় হলেই বা তাকে "বড়" বলা যায়
আমার জানা নেই
জানি সময় গড়িয়ে গেছে আজ অনেকটুকু
তবু অবুঝ একটা শিশুর মত আমি ছুটে যেতে চেয়েছি দূরে
চেয়েছি নতুন আরেক জীবন
অজানা এই শহরটাকে আমি জানতে চেয়েছি আরেকবার...
৪.
এ জীবন যেন আমার নয়,অন্যকারো
নিজের মত বয়ে চলেছি সারাক্ষণ
নিজের ছায়াকে যেন মনে হয় অন্যকেউ
ডুবেছি আবার অচেনা অনুভুতিতে
নিজের স্বত্ত্বায় আজ নিজেই মিলিয়ে
নিজের আঁধারকে নিজেরই ভয়
নিজের ভুলে আজ নিজের উপলব্ধি
নিজের ঘৃণায় গড়া নিজের ভালোবাসা...
৫.
অনেকখানি আলো ছুয়ে যায়
ছুয়ে যায়, নষ্ট করে আমায়
নষ্ট এ সময়, নষ্ট সভ্যতার কোলাহল
একটু একটু করে আরও একটু
নষ্ট করে আমায়
আমিও ভালো হতে চেয়েছিলাম,
মৃত্যুর আগে আরও একটু বাঁচতে চেয়েছিলাম
রৌদ্রস্নাত দুপুরে আরেকটা বৃষ্টি চেয়েছিলাম
নিঃসঙ্গ এক পাখিকে আমি ভালোবেসেছিলাম
আরও চেয়েছিলাম ভালো হতে আর
নিঃসঙ্গ এক পাখিকে ভালোবাসতে
আজকের এ রোদ ডুবে গিয়ে বৃষ্টি নামুক অঝোর ধারায়
আমিও বৃষ্টিতে ভিজব তোমাকে ভালোবেসে
কুয়াশার মত বৃষ্টির বুকে হারিয়ে
নিঃসঙ্গ একাকি…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


