হাজার বছর ধরে আমি টলছি
এক পাহাড়ের উপর, কিন্তু ক্যানো যে
পড়ে যাচ্ছি না।
এক জীবন থেকে অন্য জীবনের দূরত্ব
ছিলো শুধুমাত্র এক পাহাড়ের উচ্চতা। খুব
বেশি পথ নয় হিসেবে, তবু আমি টলছি এক বিন্দুতে;
আমি যে ক্যানো ঝরে যাচ্ছি না।
হাজার বছর ধরে আমি টলছি
পৃথিবীর কিনারে, এক অদ্ভুত শূন্যতা
আমাকে খুব করে ডাকে
ওর নিজের ভেতর। প্রতিবার আমি আমার ব্যক্তিগত ছায়া
মিশে যেতে দেখি মহাজাগতিক অন্ধকারের
সাথে। বিনিদ্র অন্ধকার; আমার পুরনো বাড়ির কথা মনে পড়ে।
প্রতিবার আমার মনে হয়- I should go, from where I came.
এক জগত থেকে অন্য জগতের দূরত্ব তখন মাত্র
কয়েক পা।
আমি তবু টলছি এখানে,
আমি যে ক্যানো ঝাঁপ দিচ্ছি না।
হাজার বছর ধরে আমি টলছি সমুদ্রের ওপর
ক্রমশ কাঁপছি শীতে
সমুদ্রের আক্রোশ, আর বিক্ষুদ্ধ ঢেউ আছড়ে
পড়ছে পাথরে,
একটা বকপাখি ভাবলেশহীন ভাবে উড়ে যাচ্ছে এক সমুদ্র।
তবু আমি টলছি আমার ভারী পায়ে;
আমি যে ক্যানো এক সমুদ্র উড়ে যাচ্ছি না।
হাজার বছর ধরে আমি টলছি
তোমার দিকে,
আমি টলছি এক বিন্দুতে; আমি টলছি
তোমার জন্য; সেই কবে থেকে
এক জীবন থেকে অন্য জীবনের জন্য;
একবার তোমার ভেতর মরে যাবার জন্য;
তবু যে আমি ক্যানো তোমার জন্য ছুটে যাচ্ছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



