গ্রহ-তারা-নক্ষত্রের সাথে কবিতার হিসাব নিকাশ অনেক প্রাচীন।
বহু কোটি বছর আগে, যখন আমি গুটিসুটি মেরে বসে ছিলাম
ব্রহ্মাণ্ডের কোন গোপন কুঠুরিতে, আমারও বন্ধু ছিলো কবিতারা।
ওরা ছিলো ছোট ছোট পল্কা কনার মতো। গভীর অন্ধকারে ফুটে থাকা আলো।
ওরা ছিলো নৈঃশব্দ্যমাখা একটা তারা ভরা আকাশের রহস্য।
এরপর আমার মৃত্যু হলো।
পৃথিবীতে আসার আগে
আমিও বসে ছিলাম ইস্রাফিলের শিঙার এক গোপন গর্তে। তখনও
আমার আপন ছিলো কিছু অস্ফুট শব্দেরা। মাঝে মাঝে ওদের মনে পড়ে, আবছা।
মনে হয়, আমি আবারো একবার শব্দের ভেতর ভাসি। প্রাচীন অসুখের মতো।
কিন্তু এখানে এসে আমি ওদের ফেলেছি হারায়ে।
শব্দেরা উড়ে বেড়ায় খুব গোপনে। মাঝে মাঝে; আমারও খুব কাছে।
পার্থিবতা; আমি তো অদৃশ্য এক শেকলে বাঁধা;
পৃথিবীর টান, আর মহাবৈশ্বয়িক বিমুঢ়তা দিন দিন বেড়ে চলে।
কিন্তু আসলে কে বাঁধা? আমি শেকলের? নাকি শেকল আমার সাথে?
শুনেছি, হারানো কবিতারা নাকি মৃত্যুর সময় ফিরে আসে।
( পূর্বে বিভূঁই এ প্রকাশিত)
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



