
ইসলামের যুদ্ধনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে "সরাসরি যুদ্ধরত অবস্থায়ও যদি কোন অমুসলিম যোদ্ধা আপনার নিকট আশ্রয় ও নিরাপত্তা চায়, তবে তাকে নিরাপত্তা দেয়া আপনার জন্য ফরজ।" ইসলাম নিয়ে যারা সামান্য পড়াশুনাও করেছেন, তারাই এসম্পর্কে অবগত থাকার কথা। যে কোনও হাদীস গ্রন্থের কিতাবুল মাগাযী (যুদ্ধ সংক্রান্ত অধ্যায়) খুলে দেখুন, অথবা খোলাফায়ে রাশেদার সময়ে সাহাবায়ে কিরামের যুদ্ধের ঘটনা পড়ুন, এমন বহু ঘটনা পাবেন।
.
উসামাহ ইবন যায়েদ রা. (যিনি রাসুল সা. এর পালকপুত্র যায়েদ ইবন হারিসা রা. এর পুত্র ছিলেন এবং তাকে রাসুল সা. স্বীয় নাতি হযরত হাসান ও হুসাইন রা. এর মতোই অত্যন্ত স্নেহ করতেন) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সা. আমাদেরকে এক জিহাদে পাঠালেন। আমরা প্রত্যুষে ‘জুহাইনার’ (একটি শাখা গোত্র) ‘আল-হুরাকায় গিয়ে পৌঁছলাম। এ সময়ে আমি এক ব্যক্তির পশ্চাদ্ধাবন করে তাকে ধরে ফেলি। অবস্থা বেগতিক দেখে সে বললো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’; কিন্তু আমি তাকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললাম। কালেমা পড়ার পর আমি তাকে হত্যা করেছি বিধায়, আমার মনে সংশয়ের উদ্রেক হল। তাই ঘটনাটি আমি নাবী (সাঃ)-এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেনঃ ‘’তুমি তাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর হত্যা করেছো!!" আমি বললাম, হে আল্লাহর রাসুল! সে অস্ত্রের ভয়ে জান বাঁচানোর জন্যই এরুপ বলেছে।
হাদীসে এসেছে, রাসুলুল্লাহ সা. এতোটাই রাগান্বিত হলেন, যে তার মুখমণ্ডল লালচে হয়ে গেলো। তিনি গর্জে উঠে বললেন, "তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছিলে সে আন্তরিক ছিলো কিনা??"
(সহীহ মুসলিম- ৯৬)
.
আমরা জানি রাসুলুল্লাহ সা. অত্যন্ত ডিসেন্ট ম্যান ছিলেন। তার সমগ্র জীবনী মিলিয়ে তিন কি চারটি ঘটনায় তাকে রাগান্বিত দেখা যাওয়ার কথা হাদীসে এসেছে, এটি তার মধ্যে একটি। গোটা পরিস্থিতিটা একবার ভাবুন, ব্যাটলগ্রাউন্ডে মুখোমুখি লড়াইয়ের মুহূর্তে শত্রু বেকায়দায় পড়ে আপনার কাছে নিরাপত্তা চাইছে, সেই সঙ্গীন পরিস্থিতিতেও তাকে নিরাপত্তা দেয়া মুজাহিদের কর্তব্য। তাহলে কোনও যুদ্ধ ছাড়া শান্ত পরিবেশে রেঁস্তোরায় আচমকা হামলা চালিয়ে নিরীহ কয়েকজন লোককে নৃশংসভাবে খুন করা জিহাদ কিভাবে হয়?? রাসুলুল্লাহ সা. এর সময়ে এরকম ঘটনা ঘটলে তিনি কতোটা রাগান্বিত হতেন??
.
আল-মিকদাদ ইবন আসওয়াদ (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসুল রাসুল (সাঃ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! যদি আমি কোন কাফিরের মুকাবেলায় লড়তে গিয়ে তার তরবারির আঘাতে একটি হাত কেটে যায়। তারপর সে আমার পাল্টা আক্রমন থেকে আত্মরক্ষার জন্য কোন গাছের আড়ালে আশ্রয় নিয়ে বলে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম হয়েছি’- এ কথা বলার পর হে আল্লাহর রাসুল! আমি কি তাকে হত্যা করবো? তিনি বললেনঃ না, তাকে হত্যা করো না। আমি আবার বললাম, হে আল্লাহর রাসুল! সে তো আমার হাত কেটে ফেলেছে। রাসুল (সাঃ) বললেনঃ তাকে হত্যা করো না।কেননা তুমি তাকে হত্যা করলে এ হত্যার পূর্বে তুমি (ঈমান আনার কারনে) যে মর্যাদায় ছিলে, সে ঐ মর্যাদায় চলে যাবে। আর এ কালেমা পাঠ করার পূর্বে সে যে অবস্থায় ছিল (অর্থাৎ কাফির), তুমি তার অবস্থায় চলে যাবে।
(আবু দাউদঃ ২৬৪৪)
.
অর্থাৎ যুদ্ধে একজন আপনার হাত কেটে ফেলার পরেও সে আশ্রয় চাইলে তাকে নিরাপত্তা দিতে হবে। হত্যা করলে আপনি কাফির হয়ে যাবেন। তাহলে যারা যুদ্ধ ছাড়া একজন প্রেগন্যান্ট মহিলা সহ বিশজনকে খুন করলো তারা কি মুসলিম থাকে?? নাকি কাফির হয়ে মৃত্যুবরণ করে??
.
ইসলামের নীতি হচ্ছে এমনকি ব্যাটলগ্রাউন্ডেও শত্রুর উদ্দেশ্যে গুলি ছোঁড়ার আগে তাকে দ্বীনের দাওয়াত কবুল করার তিনবার সুযোগ দিতে হবে। প্রাথমিক সময়ে ইসলামিক ওয়ারফেয়ারের লিজেন্ড হযরত খালিদ বিন ওয়ালিদ রা., সা'দ ইবনু আবি ওয়াক্কাস রা. বা হযরত আবু উবাইদা রা. এর নেতৃত্বে পরিচালিত পৃথিবীজয়ী অভিযানগুলোর ইতিহাস পড়ে দেখুন। এমনকি যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো শত্রুকেও তারা তিনবার দ্বীন কবুলের দাওয়াত দিয়ে তারপর যুদ্ধে নেমেছেন। আর আইএস কি করছে?? খাবার রেষ্টুরেন্টে আচমকা হামলা করে নিরীহ কিছু ব্যবসায়ী আর ইঞ্জিনিয়ারকে খুন করেছে। তারা কোন যুদ্ধের সাথে জড়িত তো ছিলেনই না, বরং তাদের কোনও সুযোগও দেয়া হয় নি!! শুধুমাত্র ভিন্নধর্মাবলম্বী হওয়ার কারনে এইরকম নির্বিচারে হত্যা ইসলামের কোথায় আছে?? সব অমুসলিমকে যদি আপনি খুন করেই ফেলেন, তাহলে ইসলামের দাওয়াত দিবেন কাকে??
.
মনে রাখবেন, জান্নাত কোনও ফ্যান্টাসি কিংডম নয় যে টিকিট কাটার মতো করে মানুষ খুন করে ফেললেই জান্নাতে প্রবেশ করা যাবে। ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি সবচেয়ে জঘন্য অপরাধ। আর এই জঙ্গিবাদ ঠেকানোর একমাত্র কার্যকর উপায় হচ্ছে ইসলাম সম্পর্কে জানা। আপনি ইসলাম সম্পর্কে যত জানবেন, আপনার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা তত কম।
ইসলামের যুদ্ধনীতি ও যুদ্ধের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানতে এই লেখাটি পড়তে পারেনঃ ইসলামের দৃষ্টিতে জিহাদ
আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

