অনেক উদ্দীপনা নিয়ে অনেক সদভাবনাই মাথায় আসে, কিন্তু যখন সেসবের দায়িত্ব কে নিবে এটা ভাবতে শুরু করি, তখন সদভাবনার চেয়ে মানুষকে সামলানোর বিষয়টাই বড় বাধা হয়ে দাঁড়ায়।
মানুষের মুখ এবং ভাবনাকে লাগাম পড়ানো সম্ভব না। বিশেষত যেসব বিষয়ে অর্থসংশ্লিষ্ঠতা আছে, সেসব বিষয়ে মানুষের কাছে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখবার দায় তৈরি হয়েই যায়।
প্রস্তাবনাটা যখন মাথায় এসেছিলো তখন হুররে বলে চিৎকার দিতে ইচ্ছা করেছিলো আমার। কিন্তু তখন এতসব বিষয় নিয়ে মাথা ঘামাই নি, কিন্তু শ্বাশত এবং এর পরবর্তী কাদা ছোড়াছুড়ি দেখে আমি নিশ্চিত হলাম, এইসব ঝামেলা ঘাড়ে নেওয়ার মানুষ আমি না।
নিয়মিতই আমাদের সামনে কিংবা আমাদের মানবিকতার দরজায় অনেকগুলো সহায়তার আবেদন করা নাড়ে। আমরা সেসবের কোনো কোনো আবেদন দেখে আদ্র হই, একটা উদ্যোগ নেওয়া তাড়না বোধ করি- এবং তখন আমরা একটা ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত ভাবে সহযোগিতার প্রচেষ্টা গ্রহন করি। কিন্তু অনেক আবেদনই আমাদের চোখ এড়িয়ে যায়-
৩৫ হাজার টাকায় একটা শিশুর জীবন বাঁচবে, কিংবা ৯০ হাজার টাকার জন্য একজন ধুঁকছে এবং মৃত্যুর অপেক্ষা করছে- এইসব সংবাদ পেয়ে আমার অসস্তি লাগে, মনে হয় এই সামান্য অর্থের ফারাক আমরা মিটিয়ে দিতে পারি, জীবন এবং মৃত্যুর ব্যবধান আমরা ঘুচিয়ে দিতে পারি।
কিন্তু প্রতি মাসে এমন ১০ থেকে ২০টা আবেদনের সবগুলোতেই সহায়তা করা আমাদের পক্ষে সম্ভব হয় না। হয়তো ৬ মাসে কিংবা বছরে ১ বার আমরা এমন একটা উদ্যোগের অংশীদার হতে চাই।
সব সময়ই প্রাথমিক একটা সমস্যা থাকে , তাৎক্ষণিক সহায়তার জন্য কোনো ফান্ড থাকে না হাতে। তবে এটা থেকে নিস্কৃতি পেতে একটা প্রস্তাবনা ছিলো আমার-
বাংলাদেশে ব্যান্ড সংগীত তরুণদের উদ্দীপ্ত করেছে, এবং তারুণ্যের উন্মাদনাকে সঙ্গী করেই যদি কয়েকটা ব্যন্ড একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তারা বছরে ২ বার চ্যারিটি কনসার্ট করবে এবং এই চ্যারিটি কনসার্টের সব অর্থই একটা চ্যারিটি ফান্ডে তারা প্রদান করবে-
এই " ইউনাইটেড ব্যন্ডস ফর এ কজ" চ্যারিটির অর্থ ফান্ডে এভ্যালেবল থাকবে।
সমস্যা প্রথমত, এর জন্য আগ্রহী ব্যন্ড খুঁজে পাওয়া- যারা বছরে ১টা কিংবা ২টা শো বিনা মূল্যে কিংবা ন্যুনতম পারিশ্রমিকে করতে আগ্রহী-
দ্বিতীয় সমস্যা হলো- এই সব প্রোগ্রামের এরেঞ্জমেন্ট একটা বিশাল বিষয়, সেটা সামলানোর যোগ্য মানুষ খুঁজে পাওয়া
এই সমস্যা দুটো যদি সমাধান হয়, তবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, চ্যারিটি ফান্ডের অর্থ খরচের জবাবদিহিতা কার? কে এই অর্থ সামলাবে?
যেহেতু এটা প্রতিটা সংগীত শিল্পীর নিজস্ব উপার্জনের অর্থ, সুতরাং যৌক্তিক ভাবেই এই অর্থ কোথায় কিভাবে ব্যয় হবে সেটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে সবগুলো ব্যন্ডের সদস্যদেরই।
তাদের অনুমতি ছাড়া এটা ব্যয় করা অনুচিত হবে,
এই সমস্যার একটা সমাধান হতে পারে-
প্রতিটা ব্যন্ডের একজন ম্যানেজার আছে- যে অর্থ সংক্রান্ত বিষয়াদি দেখভাল করে, তার সম্মতি ব্যতীত কোনো অর্থ কাউকে প্রদান করা হবে না।
এবং যেকোনো উদ্যোগে অর্থ প্রদানের আগে সবাইকেই জানানো হবে বিষয়টা। তাদের সাথে যদি সাক্ষাৎ করে আলোচনা করা যায় তবে সেটাই করা হবে, এবং আধুনিক যুগে ইন্টারনেটে যোগাযোগ করা সহজ, তাই সবাইকে ই মেইলে ইনফর্ম করা যায়, এবং তাদের সম্মতি পেলে এই অর্থ সহায়তা দেওয়া হবে।
যদিও অনেক বেশী হয়ে যায় আশাটা, কিন্তু যদি আমরা বছরে ১২ লক্ষ টাকা উপার্জন করতে পারি এই চ্যারিটিতে- তাহলে অন্তত প্রতি মাসে ১টা কিংবা ২টা মৃত্যুর সাথে লড়াই করতে পারবো আমরা।
এক্ষেত্রে অবশ্যই আমার বিবেচনায় বাড়তি সুবিধা পাবে তারাই যাদের চাহিদার এবং আরোগ্যের অর্থের পরিমাণটা ১ লক্ষ টাকার কম।
যাই হোক প্রস্তাবনা টেবিলে থাকলো, যে কেউ শুরু করতে পারেন কাঁটা ছেড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



