এ লেখাটা লিখবার কথা ছিলো অন্তত ৪ মাস আগে, তবে সে সময়ের পর থেকে নানাবিধ পরিস্থিতির উদ্ভব হয়েছে, সুতরাং প্রতিবারই লিখতে বসে মনে হয়েছে, এত তাড়াহুড়ো করে লিখবার কিছু নেই, আরও সময় নিয়ে লিখবো পাঠপ্রতিক্রিয়া। কিন্তু তেমন অবসর আসে না, সুতরাং প্রায় অপ্রস্তুত হয়েই লিখতে হচ্ছে এই পাঠপ্রতিক্রিয়া।
জীবন একটা গম্ভীর বিদ্রুপ কিংবা প্রহসন। মানুষ নিজের বেঁচে থাকা নিয়ে বিড়ম্বিত, তবে এত অঘটনের ভেতরেও মানুষ নিজের অসহয়াত্ এবং যা কিছু সর্বনাশ হওয়ার কথা তার সম্পূর্ণ না হওয়ায় আত্মপ্রসাদের হাসি হাসে। নিজেকে নিয়ে বিদ্রুপ, কিংবা কৌতুক করে, বাকীর গল্পের মূল বিষয়বস্তুই এমন সব সামাজিক অসহায়ত্ব। সার্বিক বিবেচনায় হয়তো সবার জীবনের করুণ এবং অনুদঘাটিত বিষয়গুলো নিয়েই গল্প লিখেছে বাকী, কিন্তু পরিস্থিতি যতটা খারাপ হতে পারতো ঠিক ততটা খারাপ না হওয়ায় আপাতঅসহনীয় পরিস্থিতি নিয়েও বাকী কৌতুক করেছে।
বাকীর লেখার মুল রস এই বিদ্রুপাত্মক হাস্যরস। সুতরাং তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের সূচনায় তারই আভাস নিয়ে আসে-
সংস্কার, সংস্কৃতি ও সাংস্কৃতিক- এ তিন ব্যাপারেই বাবু নিত্যরঞ্জন শিউলি'র অসীম আগ্রহ ছিলো। তবে ছিয়াত্তর বছর বয়েসে যে সাংস্কৃতিক মানের সংস্কারকর্ম টয়ার উপর প্রযুক্ত হলো তা হজম করবার মতো শাররীক অবস্থা তার ছিলো না।
গল্পটা একান্তভাবেই এই সংখ্যালঘুনির্যাতক রাষ্ট্রব্যবস্থায় শুধুমাত্র একজন নিত্যরঞ্জন শিউলির গল্প। স্বাধীন বাংলাদেশে তার প্রাপ্তি এবং অপ্রাপ্তির বয়ান। নিত্যরঞ্জন শিউলি, একজন স্কুল শিক্ষক ছিলেন, ছাত্রাঅন্ত নিবেদিত বাংলা ব্যকরণ শিক্ষক, নিজের একটা আদর্শ আছে, এবং সেই আদর্শের জন্য সবকিছুই ত্যাগ করতে প্রস্তুত এই মানুষটি নিজের মাতৃভুমিকর মায়ায় বাঁধা পড়ে আছেন, বাংলাদেশ তার যুবতী মেয়ের জীবন নিয়েছে, নিয়েছে তার স্ত্রীর জীবন, তবুও মাটির মায়ায় এখানেই রয়ে গেলেন বাবু নিত্যরঞ্জন শিউলি, অর্পিত সম্পত্তি আইনে তার বসত ভিটা গিলে খেলো ক্ষমতাসীনের দল, উদ্বাস্তু নিত্যরঞ্জন শিউলি তবুও বাংলাদেশের মায়ার আঁচল ছাড়তে পারলেন না।
হিন্দু ধর্মাবলম্বী অন্য সব মানুষের বিরুদ্ধে সর্বপ্রধান অভিযোগ সব সময়ই তাদের দেশপ্রেমের ঘাটতি আছে, অথচ এই তথাকথিত অদেশপ্রেমিক ব্যক্তিরাই দেশের জন্য অনেক ক্ষতি স্বীকার করেছে, দক্ষিণাঞ্চলে, যেখানে বাকীর বেড়ে ওঠা, সেখানে সংখ্যালঘু নির্যাতনের চরমাবস্থা বিরাজ করে স্বাধীনতাপরবর্তী সময় থেকেই, এই সব নির্যাতকদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই, তারা শ্যাওলার মতো যেদল ক্ষমতায় সে দলের ডোবায় গিয়ে জমা হয়ে যায়। পরিবার পরিজন এবং বসতভিটা হারানো নিত্যরঞ্জন শিউলি মানসিক ভারসাম্য হারালেও হারান নি তার শুভবোধ এবং মানুষের প্রতি তার মমতা। কিংবা এমন স্বার্থপর সময়ে এমন মানবিক গুনাবলী থাকাটাই যথেষ্ট মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ চিহ্নিত হতে পারে।
সুতরাং তত্ত্বাবধায়ক আমলের সামরিক উচ্ছেদের বিরোধিতা করতে গিয়ে মেরুদন্ডে আঘাত পেয়ে নিশ্চল এবং শয্যাশায়ী হওয়ার আগে তার শেষ বক্তব্য ছিলো-
" জনাব, আপনি আইনের রক্ষক হিসেবে এসেছেন। আপনি নিশ্চয়ই বুঝবেন, পেটে ভাত না থাকলে মানুষের আইন মানার উৎসাহ থাকে না। তাছাড়া এই চায়ের দোকান উচ্ছেদ করা চলমান অভিযানের জন্য ততো গুরুত্বপূর্ণ কিছু নয়।"
তবে সামরিক অফিসার জাঁদরেল হলে এইসব মানবিক বিবেচনার ধার ধারতে হয় না। ঠিক এ কারণেই সারাজীবন মেরুদন্ড সটান করে একটা আদর্শ নিয়ে চলা নিত্যরঞ্জন শিউলীর মেরুদন্ডে একটাই পাঠির বাড়ি লাগলো এবং তার মেরুদন্ড টান করে দাঁড়ানোর সুযোগ আর থাকলো না।
আড়ম্বর এবং অলংকারবিহীন সাদামাটা ভাবেই গল্পগুলো শুরু হয়, এবং সেখানে বক্তব্যের সাথে সামান্য শ্লেষ কিংবা পরিহাস মেশানো থাকে। যদি ঘটনার চিত্রায়নই গল্পের জন্য মূখ্য হয় তবে সেখানে ভাষাশৈলী কিংবা উপমা ততটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে না। ঘটনার নাটকীয়তা এবং পরিসমাপ্তিতে একটা গল্পনির্মাণের উপকরণ থাকলে গল্প নিজেই সটান দাঁড়িয়ে যায়, বাকীর গল্প পড়ে এটা আরও স্পষ্ট হলো।
বাকী মূলত কথক, মজলিসী আড্ডায় যেভাবে সামান্য ঘটনা এবং দুর্ঘটনাকেও মানুষ রসিয়ে রসিয়ে বয়ান করে, বাকীর গল্প বলবার ধরণটাও একই রকম। বাকীর উপস্থিতি এখানে থাকলেও আদতে বাকী ন, বরং ঘটনা ঘটতে থাকে অন্য কোনো জীবনে, বাকী শুধুমাত্র দর্শকও নয়, ঘটনার পেছনে তারও হাত থাকে, তবে কোনো কিছুকে বিশ্লেষণ করে কোনো রায় ঘোষণা করা কিংবা কোনো একটা নৈতিকতাকে প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্য নেই বাকীর গল্পে, নেহায়েত আমাদের ছাপোষা মানুষদের গল্প বলেই ভালো লেগেছে সম্ভবত।
পরিহাস এবং নাটকীয়তা যে গল্পে সবচেয়ে প্রবল সেটা গোমুখাসন- গল্পের প্রধান চরিত্র মূলত দুই জন, 'লায়েক' এবং আব্দুর রশিদ।
'লায়েক' জীবনে প্রতিষ্ঠিত হতে পারে নি, কোনো একটি প্রোজেক্টে ৫০০০ টাকা বেতনে কাজ করে।- তার টাইফয়েড হওয়ার পরে আব্দুর রশিদ সেখানে উপস্থিত হয়ে তার সেবা শুশ্রুষা করে। শরীরে ভিটামিনের প্রয়োজন, এবং এর রহস্য খোলাসা হয় "লায়েক"এর বক্তব্যে -
'যৌনশক্তি এক জিনিষ শরীরে কিছু টেরই পাই না। এত বয়স হলো অথচ দ্যাখো আমার কপাল। এই জিনিসের স্বাদ কি রকম তা জানতেও পারলাম না।'
এই বলে যে নিজের সালসা এবং মধু খাওয়ার রহস্য উন্মোচিত করে।
এবং তারও অনেক দিন পরে পুনরায় রশিদের সাথে দেখা হওয়ার পরে রশিদ খানিকটা ঠাট্টার ছলে প্রশ্ন করে, আপনি এখনও সালসা খাচ্ছেন।
নিয়মিত সালসা খেয়ে যৌনশক্তিবৃদ্ধি পেলেও যৌনকামনা পুরণের কোনো ব্যবস্থা তখনও করে উঠতে পারে নি লায়েক, সুতরাং 'লায়েক' ঘোষণা করে সে নিয়মিত গোমুখাসন করছে। এটা হচ্ছে যোগব্যায়ামের একটি আসন, ধরো যৌনকামনায় তোমার শরীর উত্তেজিত হয়েগেলো, কিন্তু তা উপশমের কোনো রাস্তা তোমার জানা নেই, তখন এই আসন ম্যাজিকের মতো কাজ দেবে।
লায়েকের অবস্থা বদলায় না, বরং আব্দুর রশিদ প্রায় প্রতিষ্ঠিত হয়ে 'লায়েক'কে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে, এবং এর প্রতিদানস্বরূপ, লায়েক আব্দুর রশিদকে তার চাকুরি থেকে প্রভাব খাটিয়ে বরখাস্ত করে এবং আব্দুর রশিদের প্রেমিকাকেও ভাগিয়ে নেয়,
গল্পটি শেষ হয় চরম বিপরীত একটি বক্তব্য দিয়ে
" ও নিয়ে ভাবতে চাই না, শোন, তুমি এর মধ্যে একদিন বাসায় চলে আসো, গোমুখাসনটা দেখিয়ে দেই ভালো করে।"
তবে এই গল্পগ্রন্থের সবচেয়ে অদ্ভুত এবং সাহসী গল্প হলো, নেহাতই আধুনিক - কৈশোরে ধর্ষিত এক মেয়ের যৌনবিমুখতার গল্প কিংবা তার পরিবর্তনের গল্প।
তার পরিপার্শ্ব বদলায়, তাকে বিয়ে দেওয়া হয় এক বয়স্ক মানুষের সাথে, ধর্ষণের কারণে তার ফোবিয়া তৈরি হয়, এবং তার শাররীক চাহিদাকে সে দৃঢ় ভাবে দমন করে যায়।
এভাবেই তার সাথে তার সতীনের মেয়ের মৃদু শাররীক ঘনিষ্ঠতা তৈরি হয়। তবুও সে মেয়ে এই যৌনাবসাদ কিংবা যৌনবিতৃষ্ণা কাটাতে পারে না।
এভাবেই তার ফলবন্ত দিনগুলো চলে যায়, তার সখীও একসময় শহরে চলে যায়, সখীর ছেলের সাথে সামান্য পরিচয়ও ঘুচে যায় এর পরে।
অবশেষে অনেক অনেক দিন পরে ফিরে আসে তার সখীর ছেলে, তখন সে সদ্য তরুণ, এবং আচমকা সে শরীরের রহস্য উদঘাটণে ব্রতী হয় এবং জীবনে প্রথম বারের মতো বেপরোয়া ভালোবাসা এবং নিজের যৌনতৃষ্ণা উপলব্ধি করে সেই মেয়ে।
বাকী আশা রাখি এরপরের বইও আমাকে উপহার দিবে। যদি না দেয়, তবে পরবর্তীতে যেকোনো সময় প্রকাশিত হলে আমি একটা বই কিনেই নিবো। ভালো জিনিষের জন্য পয়সা খরচ করতে মায়া লাগে না।
নেহাতই আধুনিক এবং অন্যান্য গল্প
বাকীবিল্লাহ
প্রকাশল- মাওলা ব্রাদার্স
মূল্য ১৪০ টাকা
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


