সিঙ্গাপুরে বেশিরভাগ মানুষ পাবলিক ট্রান্সপোর্টে অভ্যস্ত। প্রয়োজনের তুলনায় প্রাপ্যতা এবং সস্তা হওয়ার কারণে এখানে এটাই সবার প্রথম পছন্দ।
রেল ষ্টেশনগুলিকে এখানে বলা হয় MRT (Mass Rapid Transit), যেখানে প্রতি দুই তিন মিনিট পর পর একটা করে ট্রেন থামে। মজার ব্যাপার হলো এই ট্রেনগুলো আদৌ কোনো মানুষ দ্বারা চালিত হয় না, সম্পূর্ণ স্বয়ংক্রিয়! মাটির নীচে সারা শহরে রেল নেটওয়ার্ক বিস্তৃত। রেলষ্টেশন ছাড়াও পুরো শহরে কিছুদূর পর পর রয়েছে বাস ষ্টেশন, যথারীতি সেখানেও বাস থামে কিছুক্ষণের ব্যবধানে। শহরের যেকোনো স্থান থেকে যেকোনো স্থানে কয়েক মিনিটের ব্যবধানে চলে যেতে পারে যে কেঊ।
বাস বা ট্রেন ছাড়াও যে কেউ চাইলে ট্যাক্সি হাকাতে পারে। ফোনে কল দিলে মিনিট পাঁচেকের মধ্যে ট্যাক্সি হাজির! ট্যাক্সি ব্যয় সাপেক্ষ, কিন্তু পাব্লিক ট্রান্সপোর্টের তুলনায় বড়জোর দু-চার মিনিট আগে যেতে পারে গন্তব্যে, যার কারণে কিছু ব্যতিক্রম ছাড়া এর জনপ্রিয়তা অনেক কম!
খুব সচ্ছল মানুষ ছাড়া এখানে পারত প্রাইভেট কার ব্যবহার করে না কেউ, কারণ ছোট দেশ বলে এখানে এটা খুবই ব্যয়বহুল। সম্ভবত একারণেই খুব ব্যস্ত শহর হলেও এখানে ট্রাফিক জ্যাম নেই বললেই চলে। যেকোনো স্থান থেকে যেকোনো স্থানে যেতে কতক্ষণ লাগবে তা আগে থেকেই বলা যায়। আমার মনে হ্য় সিঙ্গাপুরের এত উন্নতির পেছনে এটা একটা বড় কারণ।
আমার নিজের শহর ঢাকার অনেক সমস্যার মধ্যে ট্রাফিক জ্যাম অন্যতম। আমার জীবনের কতশত কর্মধন্টা রাস্তায় জ্যামে নষ্ট করেছি ভাবতে অনেক দুঃখ লাগে ট্রাফিক জ্যাম নিয়ে বড় বড় মানুষেরা কত সভা সমিতি করলেন, হাজার-লক্ষ-কোটি টাকা খরচ করলেন, কিন্তু পাব্লিক ট্রান্সপোর্ট বাড়িয়ে প্রাইভেট ট্রান্সপোর্ট কমানোর জন্য যে পরিমান কঠোর এবং উদ্যোগী হওয়া দরকার, তার কিছুই করেননি।
হাজার-লক্ষ রিক্সা দিয়ে পুরো শহরের রাস্তা ভর্তি হয়ে গেলেও অনেক গুলো দরিদ্র লোক কর্মহীন হয়ে যাবে, এই অজুহাতে রিক্সা উঠানো হয় না। অথচ একটা দেশের রাজধানী ট্রাফিক জ্যামে স্থবির হয়ে গেলে ভোগান্তি হয় পুরো দেশের অর্থনীতির, তথা সকল মানুষের। দেশের অর্থনীতি এগিয়ে গেলে শুধু রিক্সাচালকদেরই নয়, পুরো দেশের সবার জন্যে উপযুক্ত কাজের ব্যবস্থা করা খুব কঠিন হওয়ার কথা নয়।
স্বপ্ন দেখতে ভাল লাগে, উন্নত দেশগুলোর ভালো, পরীক্ষিত নিয়মগুলো থেকে শিখে আমার দেশও কাটিয়ে উঠতে তার নিত্যকার হরেক সমস্যা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


