ব্যসার্ধের মানে মাপি আমার আয়তন,ক্ষেত্রফল
তোমার জুড়ে থাকা বৃত্তের পরিধি জুড়ে
আমি মাত্র একটি বিন্দু,একটি কেন্দ্র বিন্দু
বাইরের চারপাশটা উন্মুক্ত তোমার
ব্যাসরা আমায় ছেদ করে তোমার দু-পাশপেতে।
ব্যাসার্ধরা সংযোগ দেয় তোমাতে আমাতে
সবসমই নব্বই ডিগ্রি এঙ্গেলে।
আমাকে বাদ দিয়ে পেতে চায় তোমায় জ্যা-য়ের দল
আমি নীরবে শুধু চেয়ে থাকি।
আমি নাকি কেন্দ্র বিন্দু!!!
কিন্তু আমি ছাড়া সংযোগ হয় কিভাবে?
তোমার উন্মুক্ত পাশের বিন্দু গুলোতে
রেখা টেনে যায় স্পর্শকবাজেরা।
পঁয়তাল্লিশ ডিগ্রি এঙ্গেলে সরে যাও তুমি
দ্বিমাত্রার বৃত্ত তুমি ত্রিমাত্রায়
গোলক হয়ে যাও।
জ্যামিতিক হারে বাড়ে তোমার আমার
সম্পর্কের ব্যবধান।
আমার শুধু একই সমতলে নিছক বিন্দু
হয়ে পড়ে থাকা।
দুটি বিন্দুর সংযোগ রেখার জন্য,
জ্যামিতিক পরিধির জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



