মাথার চুলের কী ছিরি তোমার, সিঁথির কাছটা
হয়েছে যেন গাঁয়ের মেঠো-পথ, দু চোখের নিচে
যেন লেপটে আছে যত্ন-হীনতার সকল কাজল।
গলার কাছটা কেমন ভাঁজে ভাঁজে ধীরে
এঁকে দিয়ে গেছে বয়সের সিঁড়ি, বুড়িয়ে যাচ্ছ দ্রুত
অথচ বার্ধক্য কতটা অনাকাঙ্ক্ষিত কে না জানে!
তোমার দেহ যেন সহস্র কালের পোড়ো বাড়ি,
ইঁদুর আরশোলা আর মাকড়সার মতো
দখল নিয়েছে যাবতীয় অচেনা কঠিন ব্যামো।
আমাকে একটিবার ছুঁতে দিও তোমার কপাট
বদ্ধ জানালা আর তালাবদ্ধ দরজার ছিটকিনি
মুহূর্তেই মনে হবে সব উৎসব মুখর প্রাণের হুড়োহুড়ি ।
চটে গেছে যেখানে যেখানে রঙ আর চুনকাম
খসে গেছে পলেস্তারা দেয়ালের ইট, ছাদের কার্নিশ
সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো প্রায়।
যদিও ঠিকঠিক ফিরে পাবে না আগের আদল
প্রৌঢ়া জোলেখা বা রূপবানের মতো তরুণ জীবন
তবে কেটে যাবে মনের যাবতীয় মেঘ, নৈরাশ্যের ধূলি।
----------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


