সে এক সকাল বেলা এসেছো খেলতে খেলা
খেলেছো তুমি কতোই ছলে!
এঁকেছি তোমার ছবি ভোরের উজ্জ্বল রবি
রেখেছি গোপনে হিয়াতলে।
ভালো লাগা ভালোবাসা দুঃখ-সুখের প্রত্যাশা
ধরে রাখি করিয়া যতন,
বসন্তের বায়ু ধারা যেন করে আত্মহারা
নবতর পাতার মতন।
ভাসাই তরণী জলে তোমার নামটি বলে
ভবরঙ্গিণী, মম সঙ্করী!
মোহন বাঁশির তানে হৃদয় উতল গানে
গোপনে করিছো মন চুরি।
মন নিয়ে খেলা শেষে চলে গেলে দূর দেশে
ছিলেম ভালোই অন্তরালে,
ভুলে গিয়ে সব কথা শূন্যতার ব্যাকুলতা;
কেনো এলে ফের সন্ধ্যাকালে?
স্মরণের চিহ্নগুলো হোক গোধুলির ধুলো
উড়ে যাক দূর সীমানায়,
ঝেড়ে ফেলে সব মায়া ভালোবাসা শ্যাম ছায়া
চেয়ে রবো নীল নীলিমায়।
২২/০৮/২০১৫
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




