আমার তৃষ্ণা তোমার সুধা, তোমার তৃপ্তি আমার,
আমার হৃদয় অগ্নি জ্বালায় মন-চেতনার কামার।
ভালোবাসার দরজা খুলে দাঁড়াই দিনের শেষে,
তোমায় ছুঁলেই সব দীনতা কাটবে অবশেষে।
অহঙ্কারের অন্ধকারে শাওন মেঘের মতো,
ঠোঁট ফুলিয়ে উল্টো কথা বলছো অবিরত।
জানো নাকি, নেইকো নিয়ম যুদ্ধ এবং প্রেমে?
তোমার ঠোঁটে রাখতে এ ঠোঁট আসবো আমি নেমে।
ননীর শরীর, অরূপের রূপ, লাল আপেলের গাল!
ছুঁয়ে দিলেই হইবো আমি নন্দনের দুলাল।
গোধুলি রঙ পড়িয়ে দিবো আলতা করে পায়,
তাইতো আমার ভাটির নদী উজান পানে ধায়।
স্বার্থসিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেম,
হে রূপসী! গোপন করে তোমায় জানালেম।
ক্ষমাই যদি করবে না গো, ভালোবাসলে কেনো?
এই কবিতা তোমায় নিয়ে, বিনোদিনী জেনো।
১৮/০৯/২০১৫
মিরপুর, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

