নতুন রাজা অভিষেকের পরপরই সভার পণ্ডিতদের ডেকে বললেন, মানুষের ইতিহাস জানতে চাই, বিস্তারিত।
পণ্ডিতরা মুখ চাওয়া চাওয়ি করেন কিছু্ক্ষণ, তারপর নবীণ এক পণ্ডিত সকলের তরফ থেকে বললেন, মহারাজ, সে তো অনেক বিরাট কথা। সবিস্তারে তা লিখে উঠতে গেলে তো নিদেনপক্ষে বছর বিশেক লাগবে!
রাজা বললেন, বেশ, আমি হুকুম দিলাম, আজ থেকে কাজ শুরু করুন।
তারপর পণ্ডিতরা লিখতে বসে গেলেন। বিশ বছর পূর্ণ হতে পণ্ডিতরা গরুর গাড়িতে করে মোটা মোটা বিশ খণ্ডের মানুষের ইতিহাস নিয়ে হাজির হলেন দরবারে।
রাজার বয়স তখন চল্লিশ। পণ্ডিতদের এই কাণ্ড দেখে তিনি বিষণ্ন হলেন: আমার বয়স যখণ বিশ ছিল, তখন হয়তো এই বিশ খন্ড পুথি আমি পড়ে শেষ করতে পারতাম। এখন কি আর সম্ভব তা? যান, সংক্ষেপ করে নিয়ে আসুন।
পণ্ডিতরা বললেন, সংক্ষেপ করাও মহারাজ কম সময়ের কাজ নয়। এতেও বছর বিশেক লাগবে।
মহারাজ তাতেও খুশি। বললনে, হোক তা। অন্তত মরার আগে মানুষের ইতিহাসটা জেনে যাওয়া যাবে।
পণ্ডিতরা আবার কাজ শুরু করলেন। বিশ বছর কঠোর পরিশ্রমের পর তারা তৈরি করলেন দশ খণ্ডের মানুষের ইতিহাস। নিয়ে এলেন রাজ দরবারে।
রাজার বয়স তখন ষাট। দশ খণ্ড ঢাউস পুথি দেখে এবার তিনি ক্রুদ্ধ। রাজ কার্য করে কী করে এই দশ খণ্ড পড়া সম্ভব? আরো ছোট করে আনুন, অন্তত এক খণ্ডে! চেচিয়ে বললেন তিনি।
মহারাজ, অতটা সারাৎসার আকারে লিখতে গেলেও তাতেও প্রায় বিশ বছরই লাগবে। যেতে যেতে বললেন পণ্ডিতরা।
আরো বিশ বছর পর পণ্ডিতরা হাজির হলেন এক খণ্ডে রচিত মানুষের ইতিহাস নিয়ে। অশিতীপর রাজা তখন মৃত্যুশয্যায়। সেই নবীন পণ্ডিতও তখন এক কুজো বুড়ো, ধীরে ধীরে তিনি তিনি রাজার মাথার কাছে সেই খন্ডটি রাখলেন। রাজা তখন ম্লান, ফ্যাসফ্যাসে গলায় বললনে, বন্ধু পণ্ডিত, আমার আর সময় নেই, আমাকে এখনই, দ্রুত বলে দাও, সংক্ষেপে জানিয়ে দাও মানুষের ইতিহাস! মৃত্যুর আগে এইটুকু অন্তত জেনে যাই। এত বছর মানুষের ইতিহাস নিয়ে পরে থেকে তোমার নিশ্চয়ই সেই প্রজ্ঞার্জন হয়েছে। বল, বল দ্রুত বল!
তখন সেই বৃদ্ধ পণ্ডিত রাজার কানের কাছে মুখ নিয়ে বললেন, মহারাজ, এক কথায় মানুষের ইতিহাস হল এই: সে জন্ম নিল, সে যন্ত্রণা ভোগ করল, সে লোকান্তরিত হল।
অল্প বয়সে গিবন এর ডিক্লাইন অ্যান্ড ফল অব রোমান এম্পায়ার দেখে ভাবতাম, নিশ্চয়ই একদিন পরে ফেলব। আজ নীলক্ষেতে বইটার একটা সংক্ষিপ্তসংস্করণ দেখে মনে হল: হায়, আর তো সময় নেই।
আমার ব্লগে পূর্বপ্রকাশিত। http://www.amarblog.com/khareji/605
(বাঙ্গালের কমেন্ট সহ আবার প্রকাশ করলাম।
বাঙ্গাল বলেছেন: কিনা ফেলাও... কি আছে
@বাঙ্গাল, কিনা ফালাইছি, কিন্তু ঐ যে, আর সময় হৈল না!
@অগ্নির, ধন্যবাদ খুঁজে এসে পড়ার জন্য। নতুন আরেকটা পোস্ট এসেছে, সেটাও দেখতে পারেন আমার ব্লগে।
আর ব্লগিং নিয়া কথা ঐ একটাই, মডারেশন নীতি না পাল্টালে সামুতে নতুন লেখা দেয়া হবে না, পুনপ্রকাশ করা হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



