
অথর্ব প্রজন্ম,বিকলাঙ্গ জাতীয় বিবেক,অস্থির সময়,প্রতিহিংসাপরায়ন-অযোগ্য নেতৃত্ব,স্বার্থপর সুশীল,দুধের মাছি মিডিয়ার বাণিজ্যিক আচরন,দেশপ্রেম বিবর্জিত রাজনীতি-দিনদিন যখন,আমাদের অটিস্টিক জাতীতে পরিণত করছে।তখন আমার মতো অযোগ্য,অখ্যাত সাধারণ থেকেও নগণ্য এক মানুষের বলগা-হরিণ ইচ্ছের সাধ হলো- somewhere in...blog পরিবারের শেষ বেঞ্চে ঠাঁই পাবার প্রত্যাশায়...
আমি লেখক নই।সাহিত্যের জটিল সমিকরন,জ্যামিতি-ভূগোল-ব্যাকরণ-পাটীগণিত-বীজগণিতে আমি একেবারেই অজ্ঞ।কবিতাকে ভালবাসি।কবিতার জ্যামিতি ভূগোল পাটীগণিত স্বপ্নগুলো আন্দোলিত করে চৈতন্যের অতল গভীরে।কবিতার দর্পণে খুঁজে ফিরি-আত্মার বিশুদ্ধ ছায়া।সত্য কখনও কঠিন আর দুর্বোধ্য।তখন সস্তার আড়ালে লুকিয়েই তার শান্তনা!নইলে কল্পনার রঙও সাদা-কালোয় হারিয়ে যেতো...তাই কাব্যের আড়ালে সত্যকে,অতলের বেদনায় দুর্বোধ্যের আবরণে ঢেকে রাখি 'চিন্তার আঁচলে'।তাকেই কবিতা,গল্প বা বিচ্ছিন্ন ভাবনা ভেবে তৃপ্তির ঢেঁকুর তুলার অপচেষ্টায় নিমগ্ন হই।গুণী আর সৃষ্টিশীল চিন্তার স্নিগ্ধ পদচারনায় পাঠক নন্দিত somewhere in...blog-এ, সেই চিন্তার প্রশ্রয়ে ৫০টি ভিন্নরকম ভাবনার ধারাবাহিক প্রকাশের প্রচেষ্টার নাম দিলাম "অরণ্যের মৃত্যু"।
এ পথে আমি নতুন।এবং একেবারেই নতুন।ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন-আশাকরি।আপনাদের ভালোবাসা পেলেই কেবল,এ পথে টিকে থাকা সম্ভব।আমি তা মন প্রাণ দিয়েই চাই।কবিতা,গল্প অথবা বাস্তব চিন্তার মোড়কে মোড়ানো,আমার প্রচেষ্টাগুলো যদি আপনাদের হৃদয়ের নাগাল পায় তবেই সার্থক-আমার লেখক হতে চাওয়ার ইচ্ছেটা।আপনাদের ভালবাসার মাঝেই বেঁচে থাকতে চাই।আশাকরি সে সুযোগটা আপনারা আমাকে দিবেন।ভালো থাকবেন,অনেক ভালো।সুন্দর সত্যের মতো,কাউকে বাদ দিয়ে নয় ...
-কিরমানী লিটন ।
১.
আমায় ভুলে সুখেই আছো-
ভালোই থেকো,
অন্য ঊষার নতুন আলোয়
শরীর মাখো।
অলস বিকেল একলা কাঁদুক
সাঁজের মায়ায়,
ভুলের চাদর জড়িয়ে রাখুক
স্মৃতির পাতায়।
চোখের নদী প্লাবন ডাকুক
আমার আকাশ,
হৃদয় পুঁড়ার গন্ধ মাখুক
ভোরের বাতাস।
মাতাল জলে মরুক ডুবে
বাঁচার আশা,
শিকড় বিহীন সুখরা বুঝুক
দুঃখের ভাষা।
ভালোই আছি-ভীষণ ভালো
তোমায় ছাড়া,
আঁধার আমার আপন এখন
দেয় পাহারা।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


