
অরণ্যের মৃত্যু-সাত.
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে,
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি-
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়
একা একা কোথা হেঁটে যাই,
যাচ্ছি কোথায় অবেলায়...?
চৈতন্যের জঠরে এখন বৃষ্টিপাত
পাতা পতনের দৃশ্য,
প্রজ্ঞার বিমুগ্ধ অতল,পতিতের আঙিনা।
আপোষের আঁচল আশ্রয়ে-
ভং-ধরা বেঁচে থাকা উত্তাপ খুঁজে পায় !
সময়ের ঘুড়ি,সে-ও রঙ বদলায়
পাল্টে যায় মুহূর্তের প্রয়োজন,
অভিমানী জোনাকির পাল-আলোর হলক ভুলে
নিকষ খোলসে আড়াল হাতড়ায়।
ফিরে যায় গোধূলি,গনগনে রোদ্দুর হাওয়ায়
ভুলে যাওয়া অতলের,নৈবেদ্য বেদনায়...
যাচ্ছি কোথায়-অবেলায় ?
চোখের শ্রাবণ-রক্তের রামধনু সাঁজে
অদৃশ্যের মুখোমুখি-স্মৃতির ঝাপসা আয়নায়,
খুঁজে ফিরে-সেই প্রিয় অগোছালো অবয়ব,
বেণীর স্নিগ্ধতা-ঠোঁটের কার্নিশ আর
কপাল গগণের খিড়কী জানালার
খিলখিল চাঁদের মুগ্ধ জোছনা।
গ্লাসের ঘাঙ্গুরে ভেসে থাকা আটলান্টিক ইচ্ছে
মরুর খরতাপে পুড়ে ছারখার,
ফাগুনের আহাজারি-নিষ্ফল বিলাপ,দেখা নেই বসন্ত আমার...
অলিন্দের নিঃসঙ্গ উপত্যকা-বিরান সে পথচলায়
কোথায় খুঁজবো সাকিন,অবিনাশী স্বপ্নের বিমূর্ত আবাস?
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে,
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি-
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়
একা একা কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



