
(আমার শ্রদ্ধাভাজন মরহুম আজন্ম মুক্তিযোদ্ধা পিতার বিদেহী আত্মার উদ্দেশ্যে-সার্টিফিকেট না পাওয়াতেও যিনি কোনদিন কষ্ট পাননি,আক্ষেপও করতে শুনিনি।কিন্তু যখন দেখলেন,ভারতের মিত্রবাহিনির কাছ থেকে,মুক্তিযোদ্ধাদের অস্ত্রসহ নানা রসদ পৌঁছে দিতে সহায়তাসহ সার্বিক সহযোগিতার দায়ে যে রাজাকার কমান্ডার তাকে ধরে নিয়ে সাতদিন অমানুষিক নির্যাতন করে,মৃত ভেবে ডোবায় ফেলে দিয়েছিল,সেই মাওলানা নুরুল ইসলাম ওরফে রাজাকার নুরু মৌলবি যখন আওয়ামীলীগের টিকিট পেয়ে এমপি হয়ে ধর্ম প্রতিমন্ত্রী হলেন-১৯৯৬ সাল,সেই কষ্ট সইতে না পেরে শপথ গ্রহনের দিনই স্ট্রোক করলেন, অবশ্য মাস দুয়েক পরই তিনি বাড়ী ফিরেছিলেন- তবে লাশ হয় ... )
এইভাবে জ্বলে উঠে দ্বীপ
এইভাবে নিভে যায়,
চিল্কার সকালে ঝরে যায় শিশির
উত্তাপ ঠাঁই পায় হেথায়।
মুখোশের আড়ালে পরে থাকে মুখ
ফানুশের স্রোতে স্বপ্নেরা ভেসে যায়,
কেঁদে-কেটে ফিরে মানবতা,
আঁধারেরা জোছনাকে গিলে খায়।
এইভাবে পথ চলা শুরু
এইভাবে থেমে যায়,
জীবনের ঘুড়ি ছুঁয়ে ফেলে মেঘ
একটানে ফিরে আসে নাটায়।
স্বপ্নের ওপারে পরে থাকে আকাশ
বর্তমান বাস্তবের আঙিনায়,
শ্রমঘামে,ফিকে হয় ইচ্ছেরা-
জীবনেরা,পা বাড়ায় হতাশায়।
এইভাবে বয়ে চলে মহাকাল
সময়ের কোলে ফিরে যায়,
পড়ে রয় মায়াবী মোহ
বিজয়েরা-এখানেই আশ্রয় পায়।
এইভাবে জ্বলে উঠে দ্বীপ
এইভাবে নিভে যায়,
জেনে যায়, জীবনের চেয়ে সত্য
আর কোন বিজয় নাই।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




