বর্তমান বিশ্বে পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতা বিরাজমান। এরই মধ্যে মহামন্দায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র ইউরোপসহ বিভিন্ন দেশের শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। ভেঙ্গে পড়েছে অর্থনীতি। ফ্রেড্ডি ম্যাক, ফ্যানি মে, জেপি মরগ্যান, লেম্যান ব্রাদার্সসহ অনেক বহুজাতিক সংস্থা বন্ধ হয়ে গেছে। দৈনিক পত্রিকায় শেয়ার মার্কেটের চিত্র লক্ষ্য করলে পরিস্থিতি আরো ভালোভাবে বুঝা যায়।
দর বাড়ছে তো আবার হঠাৎ পড়ে যাচ্ছে। ছোট পুঁজিকে গ্রাস করছে বড় পুঁজি। বর্তমানে সারা বিশ্বের পণ্য বাজার নিয়ন্ত্রণ করছে সাড়ে তিনশ বহুজাতিক কোম্পানি। এই নিয়ন্ত্রণ যে কী ভয়ঙ্কর তার উদাহরণ নাইজেরিয়া। ২০০৫ সালে নাইজেরিয়ার জিডিপি মূল্য ছিল ৩৪ বিলিয়ন ডলার। অথচ সে বছর নেসলে কোম্পানির বিক্রির পরিমাণ ছিল ৩৮ বিলিয়ন ডলার। এসব কোম্পানির বাজার নিয়ন্ত্রণের কেন্দ্রীয় দায়িত্বের ভূমিকা পালন করে আসছে গণমাধ্যম।
ফ্রাংকফুট স্কুলের ‘কালচারাল ইন্ডাস্ট্রি’ তত্ত্বের ব্যাপক প্রয়োগ দেখা যায় বর্তমান মিডিয়া পুঁজি বাজারে। বর্তমান গণমাধ্যমের প্রবণতা হচ্ছে একই সুরে কথা এবং অভিন্ন কনটেন্ট নির্মাণ করা। সব গণমাধ্যম প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি অভিন্ন। আবার সাধারণ পুঁজিবাজারের মত গণমাধ্যম প্রতিষ্ঠানের পুঁজিবাজারও একই। এখানেও অস্থিরতার কারণ হিসেবে মার্জারের প্রভাব পরিলক্ষিত।
ফলাফল হিসেবে তৈরি হয়েছে মেগা মিডিয়া হাউস, ট্রান্স ন্যাশনাল মিডিয়া প্রতিষ্ঠান কিংবা রুপার্ট মারডকের মত মিডিয়া মোড়লের। এসব মেগা প্রতিষ্ঠানের রয়েছে মাধ্যম ও ব্যবসায়ী জগতের সমস্ত অধ্যায়ে পদচারণা। সম্প্রচার, প্রকাশনা, চলচ্চিত্র, খবর, সার্ভার,অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন মাল্টি ন্যাশনাল সেক্টর এরা ব্যবসা করে যাচ্ছে। তাদের লক্ষ্য মুনাফা লুন্ঠনের মাধ্যমে মিডিয়া বাজারে আধিপত্য বিস্তার করা।
এক্ষেত্রে মিডিয়া গবেষক রবার্ট ম্যাকচেজনির ১৯৯৭ সালের দেয়া কথাই যুক্তিযুক্ত। তিনি বলেছিলেন, ‘একটা ভুত এখন সারা পৃথিবীকে তাড়িয়ে বেড়াচ্ছে : ‘‘ক্ষুদ্র সংখ্যক মহা ক্ষমতাধর বহুজাতিক মিডিয়া কর্পোরেশনের আধিপত্যে গ্রাস হচ্ছে (যার অধিকাংশ যুক্তরাষ্ট্রভিত্তিক) বৈশ্বিক বাণিজ্যিক মিডিয়া সিস্টেম। এটা এমন এক সিস্টেম যা বৈশ্বিক বাজার গড়ে তুলতে ও বাণিজ্যিক মূল্যবোধকে প্রমোট করতে কাজ করে এবং একই সঙ্গে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী কর্পোরেট স্বার্থের প্রতিকূল সাংবাদিকতা ও সংস্কৃতিকে দমিয়ে রাখে।
এসব কথাগুলো ম্যাকচেজনি নিয়েছিলেন কমিউনিস্ট ইস্তেহারের প্রথম প্যারা থেকে। একদিন মার্কস এবং এঙ্গেলস স্বপ্ন দেখেছিলেন সাম্যবাদের। একটা সময় ছিল যখন কমিউনিজমের ভুতে সমস্ত ইউরোপ ছিল কম্পমান। কমিউনিস্ট ইশতেহার প্রকাশের ১৬১ বছর পর দেখা যাচ্ছে, সেই ভুত হিসেবে মেগা মিডিয়া প্রতিষ্ঠানগুলো আজ আত্মপ্রকাশ করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


