বঙ্গবন্ধু জাতির পিতা আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কিনা সে বিতর্ক সোয়া তিন যুগের। বর্তমানের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে গোড়ামী বা মৌলবাদ( যিনি মূলকে আকড়িয়ে ধরে থাকেন, আধুনিকতা বা সময়ের দাবী যার কাছে পরাজিত) এত বেশি স্পষ্ট যে তারা যার যার দলের নেতা ছাড়া আর কিছু বুঝেন না। আমার আলোচনাটা সেখানে নয়। অন্যখানে; একটু অন্যভাবে।
যদিও স্বাধীনতার অনেক পরে আমার জম্ম; মুজিবকে দেখার সৌভাগ্য আমার হয়নি, হয়নি জিয়াকে দেখার সৌভাগ্য। তবু তাদের সম্পর্কে যতটুকু জেনেছি, বড়দের কাছ থেকে যতটুকু শুনেছি, বই পুস্তক ঘেটে যতটুকু আয়ত্ব করতে পেরেছি তাতে এ দুজনকে অনেক বড় মনের মানুষ বলে মনে হয় এবং সেটাই চিরন্তন সত্য।
স্বাধীনতার পর এদেশের জনসংখ্যা ছিল সাত কোটি কিংবা তারও একটু বেশি। কেউ কেউ বলেন সাড়ে সাত কোটি। সাহায্য হিসেবে দেশের বাহির থেকে সাড়ে সাত কোটি কম্বল পেয়েছিলেন বঙ্গব্ন্ধু। সেগুলো বিলি বন্টনের দ্বায়িত্ব দিয়েছিলেন আওয়ামী নেতা কর্মীদের। বিলি বন্টন শেষে দেখা গেল বঙ্গবন্ধু তাঁর নিজের কম্বলটিই পাননি। রাগে, ক্ষোভে, দুঃখে বলেছিলেন -"দেশ স্বাধীন করে সবাই পায় সোনার খনি; আর আমি পেয়েছি চোরের খনি।" তাছাড়া দেশ স্বাধীন হবার পর দুণীতিবাজ, স্বার্থবাদী এবং দেশ বিরোধীদের উৎপাত এতই বেড়ে গিয়েছিল যে বঙ্গবন্ধু নিজেও তাতে অতিষ্ট হয়ে উঠেছিলেন। অতিষ্ট হয়ে তিনি তা রোধ করতে গিয়ে নিজের আত্মীয়, দলের শীর্ষ নেতৃত্ব, কাছের মানুষ কাউকেই ছাড় দেননি। যার ফলে দুণীতিবাজ, স্বার্থবাদী এবং দেশ বিরোধীদের একটি গোপন জোট তৈরী হয়ে যায় এবং সে জোটেরই চক্রান্তে বঙ্গবন্ধু ১৫ই আগস্ট শহীদ হন। বাঙ্গালী জাতি এক বিশাল মানুষকে হারায় যার ফল আজো আমরা ভোগ করে যাচ্ছি।
এবার আসি জিয়া প্রসঙ্গে। একজন আওয়ামী নেতার কাছ থেকে একটি ঘটনা শুনেছিলাম। যদিও তিনি ছিলেন আওয়ামী ঘরানার তারপরও তিনি জিয়াকে সম্মান করেই কথা বলতেন। তিনি বলেন, জিয়া রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে একদিন রাতে বাসায় ফিরে দেখেন বাসার পুরাতন বেসিনটা বদলে একটি নতুন বেসিন লাগানো হয়েছে। একটি চলমান পুরাতন বেসিন বদলে নতুন বেসিন লাগানোর ব্যপারটি জিয়ার পছন্দ হয়নি। তৎক্ষনাৎ বাসার কেয়ারটেকারকে ডেকে নতুন বেসিনটি বদলে আবারো সেই পুরাতন বেসিনটি লাগালেন। তারপর তাতে হাত মুখ ধুলেন। রাতের আহার করলেন। জিয়ার মতে-"প্রজাতন্ত্রের টাকা জনগনের পিছনে ব্যয় করার জন্য, রাষ্ট্রপতির বাসায় নতুন বেসিন লাগানোর জন্য নয়।"
এই হলো বঙ্গবন্ধু আর জিয়ার নেতৃত্ব কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু আজ যারা তাদের অনুসারী হিসাবে তাদের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করছেন তারা কি চারিত্রিক দিক থেকে ততটা না হোক অল্প কিছু বৈশিষ্ট্য পেয়েছেন? পাননি। খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা কি পেরেছেন বঙ্গবন্ধু কিংবা জিয়ার অর্ধেক মানেরও রাজনীতিবিদ হতে? পারেননি। খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা পারেননি তাদের চারপাশে থাকা চাটুকারদের বিরুদ্ধে কিছু বলতে, পারেননি তাদের বিরোদ্ধে কোন একশান নিতে। বরং সবসময় এসব চাটুকারদেরই দাবী দাওয়া পুরণ করে আসছেন। অথচ এ দুজনই গণতন্ত্র, স্বাধীনতা, সমঅধিকার বলে মুখে ফেনা তুলে ফেলেন। একে অপরের গাল মন্দ করেন। নিজের দলের স্বার্থ, নেতা কর্মীদের স্বার্থ, পাচ বছর বিরোধী দলে থাকার পর ক্ষমতায় গিয়ে অভুক্ত নেতা কর্মীদের লুটপাট করে সব চেটে পুটে খাওয়ার পক্ষেই দু দলের দু নেত্রী। আর তাই হয়তো তারা কেউই পারেননি বঙ্গবন্ধু কিংবা জিয়ার মত বড় মাপের নেতা হতে। পারেননি এদেশের আপামর জনসাধারনের ভালবাসায় সিক্ত হতে।
দুনেত্রীর প্রতি আবেদন, আপনারা বঙ্গবন্ধু কিংবা জিয়ার মত বড় মাপের রাজনীতিবিদ হতে না পারেন; দুঃখ নেই। কিন্তু বঙ্গবন্ধু কিংবা জিয়ার আদর্শকে দয়া করে কলুষিত করবেন না। কেননা আমরা যারা নতুন প্রজম্ম, আমরা যারা এ দু মহান নেতাকে দেখিনি দয়া করে আমাদের মনে এ বিশ্বাসটুকু স্থাপন করবেন না যে, আপনার দলের নেতাও সম্ভবত আপনাদের মতই ছিলেন। কেননা আপনারাতো এ দু 'নেতার অনুসারী হয়ে তাদেরই নাম ভাঙ্গিয়েই রাজনীতি করছেন। এক্ষেত্রে একটা ব্যপার লক্ষনীয়-গাছের ফল খারাপ হলে গাছের বীজের কিংবা গাছের জাতের দোষটাই ধরা হয়। আপনারা খারাপ হয়ে দয়া করে আপনাদের দলের প্রতিষ্ঠাতাদের অবদানকে কলুষিত করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



