আসসালামু আলাইকুম,
কতিপয় রাজনীতিবিদের দূর্নীতি, অদক্ষতা আর অসাধুতার সুযোগ রইয়া ১/১১ নামক প্রেতাত্মা এই দেশের উপর ভর করিয়াছিলো।
তাহার পর হইতে ক্রমাগত শুনিতে হইতেছে আমাদের দেশের নেতানেত্রীগণ বিশেষ করিয়া শেখ হাসিনা আর খালেদা জিয়া রাজনীতিবিদ হিসাবে ব্যর্থ। তাহাদিগকে দেশ ছাড়িয়া চলিয়া যাইতে হইবে।
তাহারা রাজনীতিবিদ হিসাবে ব্যর্থ তাহা মানিলাম। কিন্তু ব্যর্থ হইলেই দেশ ছাড়িয়া চলিয়া যাইতে হইবে কেন---তাহা বুঝিতে পারি নাই। কেহ বুঝাইয়া দিতে পারিলো না। জনগণ যদি তাহাদের দুইজনকে চাহে তাহা হইলে কোন অধিকারে তাহাদের রাজনীতি করিবার অধিকার কাড়িয়া নিতে হইবে?
বলা হইতেছে দুই নেত্রীর জন্য দেশের গণতন্ত্রের আজ বেহাল দশা।
এখন উত্তর হইতেছে :
জনগণ যদি এই দুই নেত্রীকে সেই সুযোগ দিতে চাহেন তবে আপনার কিছুই করিবার নাই।
আপনি পারিলে জনগণের কাছে গিয়া তাহাদের বুঝাইতে চেষ্টা করুন।
এখন আবার নতুন করিয়া কেহ কেহ দাবি করিতেছেন :
আমরা অসভ্য জাতি। আমাদের জন্য নাকি গণতন্ত্র অচল।
যাহারা এই দাবি করিতেছেন তাহাদের নিকট আমার জিজ্ঞাসা এই যে মানিলাম আমরা ''অসভ্য''।
তাহা হইলে এখন দয়া করিয়া বলুন :
এই দেশের ১৪ কোটি অসভ্য মানুষকে শাসন করিবার জন্য আপনারা কোন কোন ''সভ্য'' শ্রেণীর কথা ভাবিতেছেন?
নিজের দেশের জনগণকে যাহারা তুচ্ছ-তাচ্ছিল্য করিয়া যাইতেছেন---তাহাদের প্রকৃত উদ্দেশ্য কি?
পরম করুণাময় আমাদিগকে হেফাজৎ করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

