অফিসে শেষ দিন। অন্যতম কাজ ছিল ডঃ শাহজাহান কবির চৌধুরীর সাথে যোগাযোগ করা। তিনি আমাদের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। সম্প্রতি ট্রাস্টি বোর্ডের দুই-সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে আমাদের অফিসের জন্য স্থায়ী একটা ঠিকানা খুঁজতে। সম্ভাব্য জায়গা আইইবি। ডঃ শাহজাহান সেই কমিটির অন্যতম একজন সদস্য। ইতোমধ্যে আমরা আইইবি ভবনে দীর্ঘস্থায়ী লিজে স্পেস নেয়ার উপরে একটা কস্ট-বেনেফিট এনালাইসিস করেছি। সেটা নিয়েই বোর্ড কমিটির মিটিং করার চেষ্টা করছিলাম আজকে।
বৃহস্পতিবার বিকেলে যখন ডঃ শাহজাহান কবির চৌধুরী স্যারকে মোবাইলে ফোন করলাম তখন বাজে ৪টা ৪৩ মিনিট। বললেন, তিনি চট্টগ্রামে, শনিবার মিটিং এ থাকতে পারবেন কিনা এখনও নিশ্চিত না। তবে শনিবার সকালে যেন তাকে ফোন করি।
বেটস কনসাল্টিং সার্ভিস লিঃ অত্যন্ত সুপ্রসিদ্ধ ইঞ্জিনিয়ারিং ফার্ম। ডঃ শাহজাহান তিলে তিলে গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি। ফুলটাইম প্রফেসরি ছেড়ে ব্যবসায়ে নেমে যেকজন সার্থক হযেছিলেন তার মধ্যে তিনি অগ্রগণ্য। আমাদের অর্গানাইজেশনের খুবই ভাল একজন শুভাকাঙ্খী ছিলেন। ব্যক্তিগত আলাপচারিতায় সজ্জন, আমাদের অফিসের সবার মুখেই তার প্রশংসা চলতো, সততার চুড়ান্ত ছিলেন বলে কলিগদের অভিমত দিতে শুনেছি।
আজকে অফিসে আমার শেষদিন। একটা মাত্র অফিসিয়াল কাজ ছিলো, তা হলো কস্প-বেনেফিট এনালাইসিস নিয়ে মিটিং। আর ব্যক্তিগত কাজের মধ্যে ছিল একটা চেক কালেক্ট করা, চার্জ হ্যান্ডওভার ডকুমেন্টে সাইন করা, নিজের ৬ গেগাবাইটের পার্সোনাল ফোল্ডারটিকে দুইটা ডিভিডিতে রাইট করা - তারপরে একটা হার্ডকপি ফাইলকে বগল দাবা করে বেড়িয়ে যাওয়া।
কিন্তু ফুরফুরে মেজাজে অফিসে ঢুকেই অপ্রত্যাশিত সংবাদে স্থবির হয়ে গেলাম। ডঃ শাহজাহান কবির চৌধুরীর ফোন নম্বর হাতরাচ্ছিলাম। এমন সময় বস ডাকলেন। জানালেন ভয়াবহ সংবাদটি। বৃহস্পতিবার রাতে চিটাগং থেকে ফেরার পথে রোড এক্সিডেন্টে মারা গেছেন বেটসের চেয়ারম্যান ডঃ শাহজাহান কবির চৌধুরী। সম্ভবত আমাদের অফিস থেকে আমিই সর্বশেষ তার সাথে কথা বলেছিলাম। কস্ট বেনেফিট এনালাইসিসটা তিনি মেইল করে দিতে বলেছিলেন। পাঠিয়ে দিয়েছিলাম শাহজাহান এট বেটসবিডিতে। সেই কস্ট-বেনেফিট এনালাইসিসের আগে তিনি চলে গেছেন জাগতিক সকল কস্ট-বেনেফিটের ঊর্ধ্বে।
দিনটি কেমন শোকাবহ হয়ে গেলো।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


