কোরান শরীফের একটা লাইন আমার বেশ পছন্দের...মানুষ যখন বেহেশতে যাবে, খোদা তখন তার বুক থেকে সবরকম প্রতিহিংসা দূর করে দেবেন।
প্রথম যখন লাইনটা পড়ি, মনে প্রশ্ন জেগেছিল, প্রতিহিংসা দূর করার জন্যে কি তাহলে বেহেশতে যেতে হবে? ভাবতে ভাবতে লাইনটার অন্তর্নিহিত অর্থ পরিষ্কার হয়ে এল। একজন মানুষ, যার ভেতরে প্রতিহিংসা আছে, সে কেন বেহেশতে যাবে? স্বর্গ-নরকের সূত্রমতে তা তো হবার কথা নয়! ধরা যাক, গেল। এবং খোদা তার বুক থেকে সবরকম প্রতিহিংসা দূর করে দিলেন। মানেটা কী দাঁড়াল? বুকে প্রতিহিংসা নিয়ে কেউ বেহেশতে থাকতে পারবে না। অর্থাৎ, বেহেশত হচ্ছে এমন এক জায়গা, যেখানে কারও মনে কলুষতা নেই। আমার ধারণা, এই লাইনটা আরও কিছু মিন করে। বেহেশতে গেলে খোদা যদি বুক থেকে প্রতিহিংসা দূর করে দেন, তাহলে পৃথিবীতে থাকতেই আমরা যদি নিজেদের বুক থেকে প্রতিহিংসা নামক ব্যাপারটা দূর করে ফেলতে পারি, পৃথিবীটা নিশ্চয়ই বেহেশত হয়ে যাবে। সোজা কথায়, পৃথিবীটা আসলে বেহেশতই। শুধু লোভলালসা, হানাহানি, হিংসাবিদ্বেষ পৃথিবীটাকে দোজখে পরিণত করেছে।
একজন মানুষ যখন আরেকজনকে গালি দেয়, স্বাভাবিক ভাবেই অন্য মানুষটিও গালি দেয়। গালিগালাজ হয়ত হাতাহাতি পর্যন্ত গড়ায়। কিন্তু আমাকে কেউ গালি দিলে আমি যদি তাকে পাল্টা গালি না দিয়ে চুপ করে থাকি? যদি প্রতিহিংসাপরায়ণ না হই? আপনি নিশ্চিত থাকুন, যে আপনাকে গালি দিয়েছে, সে একদিন অনুতপ্ত হবে। প্রতিহিংসা কী? প্রতিহিংসা হচ্ছে প্রতি-হিংসা। হিংসার বিপরীতে যে হিংসা, সেটাই। যেমন, ক্রিয়া বিপরীতে আসে প্রতিক্রিয়া। আপনি প্রশ্ন করবেন, যদি কেউ বাপমা তুলে গালি দেয়, তখনও কি চুপ করে থাকা উচিত? অবশ্যই। সে আপনাকে বাপমা তুলে গালি দিলে দিক। আপনি যখন তাকে তার বাপমা তুলে গালি দেবেন, তখন আপনারই পরাজয়। কারণ, আপনার বাবামা নিশ্চয়ই আপনাকে শেখায়নি কাউকে গালি দিতে। সাধারণত দেখা যায়, যারা একটু নরম প্রকৃতির, তারা চালু টাইপের ছেলেমেয়ের হয়রানির শিকার হয়। সবাই তাদের খেপায়। আপনি খেপলেই কিন্তু বিপদ! কারণ, চালু লোকগুলো চায়, আপনি খেপুন। আপনি যদি না খেপে থাকতে পারেন, জিৎ আপনারই হবে। তারা হতাশ হয়ে হাল ছেড়ে দেবে। একসময় দেখবেন, তারা আপনাকে আর বিরক্ত করছে না।
দাম্পত্যজীবনে শান্তি নষ্ট করার মূলে রয়েছে প্রতিহিংসা। সাধারণত স্বামীস্ত্রীর ঝগড়া যখন শুরু হয়, তখন দেখা যায়, দু'পক্ষই মুখ ছুটিয়ে দিয়েছে। জবাবের বিপরীতে পাল্টা জবাব। পরিণতিতে কয়েকদিন কথা বলা বন্ধ, এমনকি ডিভোর্সে গড়ায় ব্যাপারটা। আপনার স্ত্রী আপনাকে দুষছে? দুষতে দিন। আপনি চুপ করে থাকুন। আপনার নিজের স্ত্রীই তো আপনাকে দুষছে, অন্যের স্ত্রী তো দুষছে না! কাজেই একটু সহ্য করে নিন। আপনার স্ত্রী একসময় ক্লান্ত হয়ে পড়বেন। কারণ, একহাতে যেমন তালি বাজে না, তেমনি অপরপক্ষের সাড়া না থাকলে একা একা ঝগড়া চালানো যায় না। স্ত্রীর বকুনির জবাবে আপনি মুচকি মুচকি হাসতে পারেন। হয়ত দেখা যাবে, তিনি নিজেই একসময় হেসে ফেললেন। ব্যস, মিটমাট! না হলে আপনার স্ত্রী একসময় নিজেই তার খারাপ ব্যবহারের জন্যে অনুতপ্ত হবেন। অথবা আপনার স্বামী আপনাকে দুষছে? ভাইস-ভার্সা।
রাগের বিপরীতে রাগ দেখানো কোন সমাধান নয়, বরং নতুন সমস্যা সৃষ্টি করা। নিজের এক্সপেরিয়েন্স থেকে একটা বলি...কলেজে সেমিনার হবে। আমার সেদিন যেতে একটু দেরি হলো। ম্যাডাম চরম খেপা আমার উপর। ভাগ্যিস, তখনও প্রধান অতিথি এসে পৌঁছায়নি। নইলে আমাকে চিবিয়ে খেয়ে ফেলতেন। উনার রাগের কারণ হলো, নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে আসার কথা ছিল আমার। যখন আমাকে বকা দিচ্ছিলেন, আমি চুপচাপ হজম করছিলাম (অবশ্য ম্যাডামকে বকা দেয়ার তো প্রশ্নই আসে না), এমনকি কোনরকম কৈফিয়তও দিইনি। অনেকক্ষণ বকাবকি করার পর ম্যাডাম যখন একটু রেস্ট নিলেন, তখন আমি একটা হাসি দিলাম, সঙ্গে সঙ্গে ম্যাডাম নিজেও হেসে দিলেন। হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। আমার কথা বিশ্বাস না হলে আপনি এখনই একটা পরীক্ষা করে দেখতে পারেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


