তসলিমা নাসরিন মানবতার কথাই বারবার বলেছেন তার কবিতায়, গদ্যে, কলামে। কিন্তু মূর্খরা অন্ধভাবে তাকে আক্রমণে উদ্যত হয়েছে এবং ঠিকমতো তার সাহিত্যকে বিচার করা হয়নি। নারী বলে তিনি এই বৈষম্যের শিকার হয়েছেন আরো বেশি। এর ওপর তার বড় অপরাধ তিনি রাষ্ট্র, ধর্ম, সমাজ, সমাজের নষ্ট পুরুষ, তথাকথিত মহাপুরুষদের সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। অন্যরা সাবধানে বলেন, তিনি সরাসরি বলেছেন এবং ক্ষেপিয়ে তুলেছেন নিজেকে বিপন্ন করে। মনে রাখতে হবে, তিনি সমাজকে এগিয়ে নেয়ার দায়িত্ব নিয়েছেন। নয়তো কেন তাকে ফেরারি হয়ে দেশে দেশে ঘুরতে হবে? আমাদের প্রশ্ন কবিতায়, গল্পে কিংবা কলামে যারা সমাজকে ভাঙার ধ্বনি দেন, নাসরিন প্রসঙ্গে তারা কেন চুপ আছেন?
অনেক প্রতিক্রিয়াশীল নষ্টকে দেখি সাহিত্য নয়, তার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে অভিযোগের আঙুল তুলে তাকে সমালোচনার তীরে বিদ্ধ করতে। অবশ্য নারীর হলে একটু বেশিই কালিমালেপন করা হয়। অজস্র হুলের বিষে পুরুষদের পৃথিবী মানবতাবাদী লেখক তসলিমা নাসরিনকে নীলকণ্ঠ করে তুলেছিল। দেশে ফেরার জন্য তার প্রবল আকুতিটাকেও এখানে কেউ কেউ সন্দেহের চাকুতে ব্যবচ্ছেদ করে! এসবকে আমরা নিন্দা জানাই। আমরা মনে করি এও একধরনের ষড়যন্ত্র।
তারা ঐক্যবদ্ধ নন বলে আজ লেখকদের ওপর ধর্মান্ধ প্রতিক্রিয়াশীলরা অযৌক্তিক ফতোয়া এবং হামলে পড়ার সাহস দেখায়। তসলিমা নাসরিনকে কেন নির্বাসনের যন্ত্রণা ভোগ করতে হবে দিনের পর দিন? মৌলবাদীদের ভয়ে? এরা তো দেশটাকে কবি দানেত্মর দোজখের চেয়ে ভয়ঙ্কর বানিয়ে ফেলেছে।
বর্তমানে তিনি অসুস্থ, আমি বলব তাকে মানসিক পীড়নের মধ্য দিয়ে অসুস্থ করে ফেলা হয়েছে এবং হচ্ছে। বাঙালির এই বুকের ধনকে কেন দূর থেকে করুণ মিনতিতে বাতাস ভারি করতে হবে? কেন তাকে নাগরিকত্বের নামে নানা অজুহাতে হয়রানি করা হচ্ছে? অথচ যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত থেকে গোলাম আজম নাগরিকত্ব পায়, আর নাসরিন দেশকে ভালোবেসে নাগরিকত্ব হারায়। রাষ্ট্র এদিকে একবার চোখ দেবে কি?
শরীফা বুলবুল
লেখক: কবি, সাংবাদিক
Courtesy: The Daily Bhorerkagoj
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


