জানি তুমি,"তুমি" শব্দটার
সবটুকু প্রিয়তা শুঁষে নিয়ে চলে গেছ,
তাই বলে কি জানালায় জমা শিশিরবিন্দুতে
রংধনু দেখে আসক্ত হবনা?
তাই বলে কি মেঘের অঞ্চল জুড়ে
বানাবো না ছবির স্কেচ?
জানি তুমি রেখে গেছ আমায়
বিরহী কঙ্কাল করে,
তবু গাজীর গল্প গানে
মুগ্ধ করা লোকটাকে ভাববোনা,
ছেলেবেলায় অনেক খোঁজা হ্যামিলনের বাঁশিওয়ালা?
তাই বলে কি কুন্ঠিত হব
একজোড়া কদম হাতে দাঁড়িয়ে থাকতে
ঝুম বৃষ্টিতে ভেজা টোকাই বালিকাকে
উপহার দেবো বলে!
জানি তুমি আসবে না,
শত সহস্র আহবানেও আর সাড়া মিলবে না তোমার,
তাই বলে কি আমার নৈঃশব্দ্য ভাঙবে না
সুরার মাতলামি?
তোমার জন্য জমানো অশ্রুর
বেশ খানিকটা খরচ করব না নাহিদার জন্যে?
এই লেখাটি বুয়েট ছাত্রী নাহিদাকে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


