প্রশস্ত পথটার দুপাশে বনবিহারী
আশারও প্রশস্ত অঞ্চল এটি
হুট করে ছুটে আসে চঞ্চল কাঠবেড়ালীটি
ওর চোখে তোর চোখের কাজল দেখে ছুটেছি আমি।
মাথার ওপরের গাংচিলটার খয়েরী ডানায়
তোর শাড়ির আঁচল আবছা লাগে।
অনিদ্রায় থাকা আকাশটা হুট-হাট টিপছে সুইচ
জ্বলছে-নিভছে অবিরাম সূর্যবাতি, চন্দ্রিমা।
ট্রেনের হুইসেল ভেসে আসে,
কাছে ডাকে বিরতির ব্যস্ত কোলাহল;
না, আমি ছুটব,
পৌছুব তোর চোখের দীঘিতে,
তোর চুলে দেব ধূপের গন্ধ
গোধূলীও ফিরতে চাইবেনা বাড়ি,
আসছি, আমি আসছি।
অবিশ্রান্ত এই ভ্রমণের শেষ যদি হয়
তোর বাড়ির উঠোনে,
যদি তোর ঘুম ভেঙে যায়
বেসুরো গলার ভুল শব্দের গানে,
তবে কি তুই চোখ খুলবি
আমায় ভেবে,
আসবি কি ছুটে,
জড়িয়ে ধরে কাঁদবি অঝর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


