আমার কোন ব্যতিব্যস্ত ক্যালেন্ডার নেই
বছরের দুটি কিংবা তিনটি দিনে ক্রস দিয়ে রাখি।
শেয়ারবাজারের মুখস্ত শ্রোতা আমি,
তবু জানিনা কোন কোম্পানীর পোশাকে বেশি আরাম!
আমার জানালার ঠিক পাশে
একটা শিশু গাছ আছে।
সেখানে বিরাম নেয় এক মূক শালিক।
আমি তার অনুভূতি শুনি
নিশ্বাস গুনি...
বেজোড়াগুলো হতাশার,
জোড়াগুলো দূরদর্শনের।
কখনো পেলব শীতে কাঁপে থরথর
কখনো বৃষ্টিকণা করে আলিঙ্গন,
তবুও মুখ ফুটে কখনো করে না কুঁই কাঁই
ভালোই লাগে, আমার মত সেও নিশ্চুপ...
আমার শ্রুতির বয়স বাড়ে,
বুদ্ধি আরো প্রাজ্ঞ হয়,
বসন্ত আসে ধায়,
আমি শুধু চেয়ে থাকি কখন সে
কথা কয়।
দিনশেষে তবু বন্ধু পাওয়ার স্বপ্ন দেখি আমরা-
আমি আর আমার হুইলচেয়ার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



