- দেলোয়ার হোসেন।
সেই যে তুমি পুকুর ঘাটে নাইতে এসে
রাখলে যখন শেওলা পিছিল সিঁড়িতে পা,
আমার অবাক দৃষ্টি ছিলো তোমার দিকে
নিটোল জলে ডুবে তুমি খুললে খোঁপা।
শূন্য কলস ভাসলো জলে নিঝুম দুপুর
তোমার বুকে ঝিলিমিলি ঢেউয়ের নাচন,
একটা কিছু বলবো ভেবে ভাবনা অথই
কিন্তু কোন কথাই খুঁজে পেল না মন।
দুপুর বেলা পুকুর ঘাটে ছিলো না কেউ
বুকের ভিতর উঠলো বেজে অনেক চাওয়া,
একটু হেলে বাঁকা চোখে হাসলে তুমি
সেইতো আমার অনেক দিনের প্রথম পাওয়া।
ভেজাশাড়ি ছলাৎ ছলাৎ যাবার বেলা
বললে তুমি, কাল দুপুরে এসো আবার,
রঙিন খামে লিখে এনো মনের কথা-
আকাশ নীলে উধাও হলো কষ্ট আমার।
সেই চিঠিটা আজো আমার বুক পকেটে
তুমি শুধু কথা দিয়ে এলে না আর,
রঙিন খামে থাকলো জমা ভালোবাসা
সেই থেকে মোর জীবন জুড়ে কেবল আঁধার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




