somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা একাত্তরের

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লেখক- দেলোয়ার হোসেন।

বাজারের শেষ প্রান্তে খুব বড় একটা বট-পাকুড়ের গাছ। পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী। বটের শিঁকড় নেমে গেছে নদীর ভাঙ্গনে। ঢেউয়ে-ঢেউয়ে মাটি কেটে বেরিয়ে পড়েছে জালের মতো শিঁকড়। সে দিকটা পুরাণা কবরের কঙ্কালের মতো দেখায়। বট গাছের সামনে দিয়ে ছোট চালা ঘর। হাটবারে সেখানে মিষ্টির দোকান বসে। জায়গাটা বেশ খোলা মেলা।

সেদিন ছিলো হাটবার। সারা হাটে গিজ-গিজ করছে মানুষ আর মানুষ। সেই ব্যস্ত মানুষের মধ্যে চঞ্চল পায়ে সাহা বাড়ির এক কিশোরী হরিণ শাবকের মতো নাচতে -নাচতে এসে দাঁড়ালো সম্ভু ময়রার মিষ্টির দোকানে। সম্ভু হাসতে-হাসতে বললো, পুজা-মা এসেছো, দুটো রসগোল্লা দেই? পুজাও হাসতে-হাসতে বললো, না সম্ভু কাকা, আমি মিষ্টি খাবো না। আমাকে আট আনার হল্দি খাজা দাও। ময়রা কাগজের ঠোঙ্গার মধ্যে হল্দি খাজা দিয়ে বললো, এই নাও, পয়সা লাগবে না।

তখন সূর্য হেলে পড়েছে পশ্চিমে। সোনা-সোনা রোদের ফালি লম্বা গাছ-পালার ফাঁক দিয়ে এসে পুজার মুখটাকে অদ্ভুত রকমের মায়াময় করে তুলেছে। মুখতো নয় যেনো ননীর পুতুল। সে মুখের দিকে তাকালে ম্লান হয়ে যায় আশে-পাশের সব কিছু। শুধু মুখটাই উজ্জ্বল হয়ে ফুটে থাকে সাঁঝের তারার মতো। মনকে টেনে নিয়ে যায় স্বপ্নের সাগরে, ভালোবাসার গভীরে। পুজার গায়ে কালো ফ্রগ। ঘনকালো রেশমী চুলের গুচ্ছ ছড়িয়ে আছে পিঠ ও কাঁধের পাশ দিয়ে। পা থেকে হাঁটু পর্যন্ত উন্মুক্ত। যা ওর মুখের মতই শুভ্র আর মসৃণ। সারা অঙ্গে ধেয়ে আসছে লাবণ্য।

কাগজের ঠোঙ্গা থেকে একটি-একটি করে হল্দি খাজা খাচ্ছে পুজা। উঠতি বয়সের ছেলেরা দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছে ওকে। পুজার হাত নড়ছে, মুখ নড়ছে। সেই সাথে নড়ছে ছেলেদের চোখের তারা। ওদের এমন বেহায়াপনাতে পুজার কিছুই যায় আসে না। ওর মনের মধ্যেও যে ডানা ঝাপটায় লুকিয়ে থাকা বসন্তের কোকিল। ঠিক যেনো রবী-ঠাকুরের কবিতার পংতি।

ফুল ফুটি ফুটি করে ফুটিতে না পারে
ওলি বার বার এসে ফিরে যায়।

ছেলেরাও জানে পুজাকে পুঁজা করা যায় কিন্তু ছুঁয়ে দেখা যায় না। তবে ফুলও কারো না কারো জন্য ফোটে, গন্ধ বিলায়। চাঁদও হাসে, বাঁশীও বেজে ওঠে কারো না কারো হৃদয় গভীরে খেয়া পারাপারের বাসনা নিয়ে। সে সময় ছোট্ট চায়ের দোকান থেকে আর এক জোড়া চোখও তন্ময় হয়ে দেখছিলো পুজাকে। দেখছিলো পুজার ভিতর বাহির। অন্য রকম এক সুখ-স্বপ্নের খেলায় মেতে আছে তার দৃষ্টি।

হঠাৎ পুজার দৃষ্টি চলে গেলো অপরিচিত সেই যুবকের দিকে। মুহূর্তে ভয়ে বিহবল হরিণের মতো দ্রুত ছুটে পালালো হাটের মধ্যে। সুখ-স্বপ্নের জাল ছিড়ে গেলো যুবকের। মানুষের ভীড় ভেঙ্গে সেও ছুটলো উম্মাদের মতো। মেয়েটি যেনো তার বুকের খাঁচায় পুষে রাখা এক নীল কন্ঠি পাখি। মনের অজান্তে মনের গভীরে ঘুমিয়ে ছিলো এতকাল। হঠাৎ খাঁচা ভেঙ্গে আজ পালালো সে চোখের পলকে। যুবক কোথাও খুঁজে পেলো না তাকে। শেষে পাগলের মতো ফিরে এলো বৃদ্ধ সম্ভু ময়রার দোকানে।

কাকা! যে মেয়েটি একটু আগে আপনার কাছ থেকে হল্দি খাজা নিয়ে খাচ্ছিলো সে কে?

বৃদ্ধ অনেকক্ষণ যুবকের আপাদমস্তক লক্ষ্য করে বললো, তোমাকে তো ঠিক চিনলাম না। তোমার পরিচয় কি?
- আমি টিটু।
- বাড়ী কোথায়?
- দয়াপুর, নয়ন সর্দারের নাতি আমি।
- তুমি থাকো কোথায়?
- আমি কুষ্টিয়ায় পড়ালেখা করি। এবার বলেন মেয়েটি কে?
- ও নরেন সাহার মেয়ে।
- মেয়েটির নাম কি?
- পুজা।
টিটু আর এক মুহূর্ত দেরী না করে ঝড়ের গতিতে অদৃশ্য হলো হাটের মধ্যে। হাটের উত্তরে নরেন সাহার অনেক বড় কাপড়ের দোকান। তারই অনতি দূরে দাঁড়িয়ে সে দেখলো পুজা গদি ঘরে বসে আছে বাবার পাশে। টিটু চুপচাপ আবার ফিরে এলো সেই ছোট্ট চায়ের দোকানে। চা খেতে-খেতে সে ভাবলো আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি। সারা দুনিয়া এক দিকে গেলেও পুজাকে আমার চাই-ই চাই। ধর্ম? কিসের ধর্ম, সব মানুষই এক আল্লাহর সৃষ্টি। আর সেই মানুষের ধর্ম একটাই “ভালোবাসা” হিন্দু মুসলিম কি গায়ে লেখা থাকে? যে রক্ত হিন্দুর শরীরে আছে সে রক্ত মুসলমানের শরীরেও আছে। সমাজের দেয়াল আমি গুড়িয়ে দেবো।

টিটু দয়াপুরের ছেলে। দয়াপুরের মানুষকে ভয় পায়না এমন মানুষ দশ গাঁয়েও নেই। তার উপর সে নয়ন সর্দারের নাতি। এই টিটুর শক্তি আর সাহসের কথা এলাকার বেশীর ভাগ মানুষেরই জানা। বাড়ীতে বাঘের মতো পাঁচ-ছ’টি ভাই। বাজারে দোকান, আড়ৎ, রুটির কারখানা আরো কতো কি। এলাকার অনেকেই কুষ্টিয়া শহরে গিয়ে টিটুকে দেখেছে অন্য রুপে। সে এক দুর্দান্ত দুঃসাহসী ছেলে। মারপিট করে বেড়ায় সারা শহরে। দু’চার জন অনুগতদের নিয়ে ভাঙ্গচুড় করে দোকানপাট। সিনেমা হলে ঢুকে লোহার রড দিয়ে পিটায় প্রতিপক্ষকে। তখনো সে কলেজে প্রবেশ করেনি।

দয়াপুরের সবার সাথেই টিটুর ভালো সম্পর্ক। কিন্তু তখনই সে কাউকে বললো না তার মনের কথাটা। বাজারের দক্ষিণ আর পশ্চিমে নানান শ্রেণীর হিন্দুদের বসবাস। হিন্দু পাড়ার দু’চার জনের সাথেও রয়েছে তার হৃদ্যতা। হাটের পরদিন শান্ত ছেলের মতো টিটু ঘুরে বেড়ালো হিন্দু এলাকার এপাড়া-সেপাড়া।

তিন দিন পর আবার এলো হাটবার। বিকাল নামতেই চঞ্চল হয়ে উঠলো টিটু। পুজা কখন এসে বসবে ওদের দোকান ঘরে। কখন আসবে বটতলার মিষ্টির দোকান গুলোর সামনে। নিরবে চোখকান খুলে টিটু ঘুরছে হাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দেখতে দেখতে সূর্য গড়ালো পশ্চিমে। আবার সেই নুপূর পরা চঞ্চল দুটি পা হাটের ভীড়ের ভিতর দিয়ে একে- বেঁকে এসে দাঁড়ালো বটতলার মিষ্টির দোকান গুলোর সামনে। পুজার মুখে ঝল্‌মল হাসি।

- কাকা, আজ আট আনার তিলা খাজা দাও তো।
- পয়সা লাগবে না। তোমার যা নিতে মন চায় নিয়ে যাও।
- বাবা শুনলে রাগ করবে তো।
- বাবার কাছে না বললেই তো হলো। বলেই হাসলো বৃদ্ধ ময়রা।
- এর মধ্যেই পায়ে-পায়ে পুজার পাশে এসে দাঁড়িয়েছে টিটু।
- কি নিতে চাও নাও না।

শব্দটা কানে আসতেই ঘাড় বাঁকায়ে টিটুর মুখের দিকে তাকালো পুজা। আর তখনই বাঘ দেখার মতো চ উঠে ছুটে পালাতে চাইলো ও। সাথে সাথে টিটু ধরে ফেললো পুজার একটি হাত। গভীর দৃষ্টি দিয়ে টিটু দেখতে লাগলো পুজার পা থেকে মাথা পর্যন্ত। পুজা মুখটা কাচু-মাচু করে হাতটা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলো। কিন্তু পারলো না, টিটু হাসতে হাসতে বললো, এমন করছো কেন? হাতে ব্যথা পাবে। একটু শান্ত হয়ে দাঁড়াও আমি তোমাকে চিনি। তোমার নাম পুজা ।

- আমি আপনাকে চিনি না।
- পরিচয় হলেই তো চিনবে। আমি বাঘ-ভালুক নই,
- আমি একটা মানুষ।
- তুমি কোন ক্লাসে পড়ছো?
- ক্লাস সিক্স। এবার হাত ছেড়ে দেন।

তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও হাত ছেড়ে দেবো। তা না’হলে তোমাকে কাঁধে তুলে এক্ষুণি আমাদের বাড়ীতে নিয়ে যাবো।

কথাটা শোনা মাত্রই কেঁদে ফেললো পুজা। কাজল আঁকা দু’চোখ বেয়ে ঝরতে লাগলো অশ্রু। তখন চারদিক থেকে লোক এসে জড়ো হয়েছে সেখানে। ভীড়ের ভিতর থেকে কেউ কেউ বললো, টিটু ওকে ছেড়ে দে। টিটু তখনো পুজার হাত ধরে এক দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। টিটুর সারা মুখে প্রশান্তির আলো। বদনামের এতোটুকু ছায়া নেই। আছে বিজয়ের গৌরব।

এক সময় টিটু ছেড়ে দিলো পুজার হাত। অপমানে জর্জরিত পুজার মুখটা ডালিমের মতো লাল হয়ে গেছে। চোখের জল মুছতে-মুছতে ছুটলো বাবার দোকানের দিকে। এলাকার ছেলেদের চোখে পুজা ছিলো রঙ্গিন প্রজাপতি, স্বপ্নের পরী। তারা কেউ মুখ টিপে হাসলো কেউ ক্ষিপ্ত হলো টিটুর ব্যবহারে।

এলাকার হিন্দুদের মধ্যে নরেন সাহা বেশ বড় একজন। বাজারের মুসলমান ব্যবসায়ীরাও তাকে শ্রদ্ধার চোখে দেখে। পুজা তার আদরের ছোট মেয়ে। প্রতি হাটবারে সত্যি সে যেনো রঙ্গিন প্রজাপতির মতো সারা বাজার উড়ে-উড়ে ঘুরে বেড়ায়। সেই মেয়ের চোখে ব্যথার অশ্রু। নরেন বাবু বিচলিত হয়ে উঠলেন। মেয়ের মুখেই শুনলেন ঘটনার অদ্যপান্ত আর তখনই ওকে বাড়িতে পাঠিয়ে দিলেন বড় ছেলের সঙ্গে।

হাটের পরদিন নরেন বাবু হিন্দু পাড়ার পাঁচ জনের সাথে এ ব্যাপারে আলাপ করলেন। ডেকে আনা হলো সম্ভুময়রাকেও। সম্ভুময়রা বললো, টিটু নয়ন সর্দারের নাতি। কুষ্টিয়া থাকে। ছেলেটা বেপরোয়া, ওর চলন-বলন দেখলে মনে হয় এমন কোনো কাজ নেই যা, সে করতে পারে না। পুজামাকে হাটের মধ্যে ঘোরা-ফেরা করতে না দেয়াই ভালো। ঐ ছেলের কেলেংকারীর ভয় নেই। আমরা হিন্দু মানুষ তারা মুসলমান। কোনো অঘটন ঘট্লে আমাদেরই বিপদ। একথা অন্য কাউকে বলেও তেমন কোনই লাভ হবে না। সম্ভুর কথা গুলো উপস্থিত সবারই মনে ধরলো। সবাই বললো, সম্ভু ঠিক কথাই বলেছে। নিজেদেরই সাবধান থাকা উচিৎ।

তার পর একে একে দু’তিনটা হাট চলে গেলো। টিটু আর পুজাকে দেখতে পেলো না। হাটের মধ্যে ঘোরা-ফেরাই তার সার হলো। টিটু ইচ্ছা করলে নরেন বাবুর বাড়িতে গিয়েও পুজাকে দেখে আসতে পারে কিন্তু এখন আর সে এমন কোনো কাজ করবে না যাতে পুজা ভয় পায় কিম্বা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে সে জোর করে পেতে চায় না ভালোবাসা দিয়ে বরণ করতে চায় চিরকালের জন্য। তা সে যেমন করেই হোক। অনেক ভেবে টিটু আবার চলে গেলো কুষ্টিয়া।

এদিকে হিন্দু পাড়ার লোকজন খোঁজ খবর করে জানলো টিটু কুষ্টিয়া চলে গেছে। তখন আবার বাজারে আসা শুরু করলো পুজা। বাজারের পাশেই ওদের বাড়ি, পাঁচ মিনিটের পথও নয়। তবে এখন আর সে আগের মতো হাফ প্যান্ট আর ফ্রগ পরে এলোনা। এলো সুন্দর কামিজ-সেলোয়ার ও দামী উড়নায় বুক ঢেকে।

পুজা এখন আর ছোট নয়। বসন্তের বাউল বাতাস ওর পুরণো আবরণ খুলে সাজিয়েছে রুপে-রসে। যে ভ্রমর প্রথম ফোটা গোলাপের পাপড়ি ছুঁয়েছে তার সেই শিহরণ কি এতো সহজেই ভোলা যায়? প্রথম যে পুরুষ ভালোবাসার চোখ দিয়ে দেখেছে পুজার ভিতর বাহির তাকে কি মন থেকে মুছে ফেলতে পারে পুজা? নিভৃতে পুজা ভাবে সেই দুরন্ত যুবকের কথা। ও অমন করে কি দেখছিলো আমার মধ্যে? হাতের ব্যথাটা এখনো পুজার অনুভবে আসে। ও কি আর কখনো আসবে না। কেনো যে আবার দেখতে ইচ্ছে করছে দুষ্টটাকে।

- কাকা এক টাকার হল্দি খাজা দাও।

একটু হাসি একটু লজ্জা মিশানো কন্ঠে বললো পুজা। সম্ভুময়রা হা- করে তাকিয়ে থেকে বললো, পুজা মা, আজ কি সত্যি টাকা পয়সা এনেছো?

- কেনো?
- না, এমনি বলছিলাম।

সম্ভু জানে পুজা কখনো টাকা-পয়সা নিয়ে আসে না। তবে দোকানে এলেই সে বলে, এত টাকার এটা দাও ওটা দাও। সম্ভুও বলে টাকা-পয়সা দিতে হবে না। আর দিলেও কি সে নিতে পারে? সম্ভুর একটি মাত্র ছেলে। মনের মধ্যে একটা মেয়ের স্বপ্ন থাকলেও ভগবান তাকে মেয়ে দেননি। তাই পুজাকে সে নিজের মেয়ের মতো দেখে। একটু আনন্দ, একটু রশিকতার ছলেই সম্ভু বললো, টাকা এনেছো তো দাও। পুজা হঠাৎ চুপ করে গেলো, কেমন কষ্টে ভরে উঠলো ওর মুখটা। পুজার কালি মাখা মুখের দিকে তাকিয়ে সম্ভু তাড়া-তাড়ি ঠোঙ্গায় হল্দি খাজা দিয়ে বললো, এই নাও, পয়সা লাগবে না। পুজা অভিমানে যেনো ফেটে পড়লো। তবে কেনো তুমি বললে টাকা দাও? আমি তোমার দোকানে আর আসবো না, মিষ্টিও নিবো না।

পুজার দু’চোখ ভিজে উঠেছে। দোকান থেকে সে এক রকম দৌড়ে পালালো সম্ভুময়রার বুকের মধ্যে হা-হা কার করে উঠলো। কেনো আমি আগেই বললাম না যে, টাকা-পয়সা নাগবে না। তুমি এমনি নিয়ে যাও। ওর মনে যে এতো অভিমান তাকি আমি জানতাম। মনটা খুব খারাপ হয়ে গেলো সম্ভুর।

সপ্তাহে দু’দিন হাটবার, পরের হাটে আবার এলো পুজা। সম্ভু ওকে দেখেই হাতের কাজ সেরে হাসতে হাসতে বললো, আমার মায়ের রাগ কি কমেছে? একটি পয়সাও তোমাকে দিতে হবে না। তোমার যা খুশি নিতে পারো। পুজা কিছু না বলে কেবল হাসলো। সেও জানে কাকা পয়সার জন্য পয়সা চায়নি। তারপর খাজা খেতে খেতে পুজা বললো সম্ভু কাকা সেই গুন্ডা ছেলেটা আর আসে না?

- তুমি কার কথা বলছো?
- ঐ যে, আমার হাত ধরেছিলো। কি যেনো নাম
- টিটু নয়ন সর্দারের নাতি। শুনেছি ও কুষ্টিয়া চলে গেছে।
- ওখানেই সে পড়ালেখা করে।
পুজা আর কিছু না বলে চলে গেলো সেখানে থেকে।

তারপর তিন মাস পরই টিটু আবার ফিরে এলো দয়াপুর। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পর শুরু হলো অসহযোগ আন্দোলন। সারা বাংলার মানুষ ন্যায্য অধিকারের দাবীতে সোচ্চার হলো। স্লোগানে স্লোগানে মুখরিত হলো আকাশ-বাতাস। মিছিলের অগ্রভাগে টিটু।

আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা।
ইয়াহিয়ার গদিতে আগুন জ্বালো এক সাথে।

তারপর বাঁশের লাঠি হাতে গ্রামে-গ্রামে পাড়ায়-পাড়ায় চললো মহ্ড়া। সেখানেও টিটু। স্বাধীনতার জন্য মানুষ যেনো পাগল হয়ে উঠলো। এলো পঁচিশে মার্চ। বঙ্গবন্ধু এ্যরেষ্ট হলেন। সারা বাংলায় নেমে এলো কালো রাত্রি। পাকিস্তানী সৈন্যরা গুড়িয়ে দিলো ঢাকার শহর। কারফিউ দিয়ে মানুষ মারলো পাখির মতো। “থ” হয়ে গেলো দেশের মানুষ। ওরা এ দেশের মানুষ চায় না-চায় মাটি।

তখন একদল স্বার্থান্বেষী মানুষ দেশের কথা ভুলে মানুষের কথা ভুলে রাতের অন্ধকারে শুরু করলো ডাকাতি। প্রতিটি গ্রামে প্রত্যেক রাতে ডাকাতি হতে লাগলো হিন্দুদের বাড়িতে। ঘর-বাড়ি ছেড়ে ভারতে চলে গেলো অনেক হিন্দুরা। আর যারা থাকলো, তারা বড় অসহায় হয়ে পড়লো। দু’তিন গাঁয়ের হিন্দুরা তখন দয়াপুরের দুর্দান্ত প্রতাবশালী কয়েক জনের স্মরণাপন্ন হলো। তারা তাদের জান-মালের নিরাপত্তা চায়। বিনিময়ে তাদের যুব্তী মেয়েদের মুসলমান ছেলেদের সাথে বিবাহ দিতেও প্রস্তুু‘ত। টাকা পয়সা তো সামান্য ব্যপার। কিছু দিনের মধ্যেই তাদের নগত টাকা পয়সা হাত ছাড়া হয়ে গেলো কিন্তু তাদের বাড়ি ঘর জায়গা জমি এবং জীবন রক্ষার প্রতিশ্রুতিও পেলো না তারা।

এর মধ্যেই সীমান্ত থেকে অনেকেই অস্ত্র সংগ্রহ করে এনেছে। তার মধ্যে বেশীর ভাগই ডাকাত শ্রেণীর লোক। তাদেরই একজনের সাথে টিটু সম্পর্ক গড়ে সুযোগ বুঝে সেই ডাকাতকে খুন করে অস্ত্র নিয়ে এলো এলাকায়। ভাবতে লাগলো যুবক ছেলেদের নিয়ে দল গঠন করে যুদ্ধের ট্রেনিং দেয়ার কথা। হঠাৎ টিটুর এলাকাতেই এক রাতে ডাকাত পড়লো। কয়েজন হিন্দু মারা গেলো, লুটপাট হলো। টিটু তখন রাইফেল হাতে পুজাদের পাড়ার চারদিকে পাহাড়ায় ব্যস্ত। সেখান থেকেই ও দু’এক রাউন্ড গুলি ছুড়লো কিন্তু একা একা ডাকাতদের মুখোমুখি হলো না।

সেদিন রাতে অনেক হিন্দুরাই বনে জঙ্গলে লুকিয়ে ছিলো। সম্ভু ময়রা টিটুকে গুলি ছুড়তে দেখে অবাক হলো বটে কিন্তু বুঝে নিলো এ শুধুই পুজার জন্য। পরদিন সন্ধ্যায় সে গেলো টিটুদের বাড়িতে।

- টিটু তোমাকে একটা কথা বলবো বলে এলাম।
- আপনি কি বলতে এসেছেন তা আমি জানি। তবু আপনি বলেন।
- তোমার বয়স কম হলেও তুমি যে অনেক বড় মাপের মানুষ তা আমি বুঝেছি। আজ রাতে তোমাকে একজন দেখা করতে বলেছে।

- কে দেখা করতে বলেছে?
- নরেন বাবু।

সেদিন রাত বারোটার পর রাইফেল কাঁধে নিয়ে টিটু সোজা গিয়ে হাজির হলো নরেন বাবুর বাড়ির উঠনে। বাবুকে ডেকে বললো, কাকা ঘরে আছেন? নরেন বাবু টিটুর অপেক্ষাতেই ছিলেন। তিনি আস্তে জানালা খুলে বললেন কে?

- আমি টিটু।

দরজা খুলে বাবু বললেন, ভিতরে এসো। জ্বলে উঠলো ডিম করা আলোটা। টিটু একটা চেয়ারে বসতে বসতে বললেন, আমাকে আসতে বলেছেন কেনো? নরেন বাবু খুব নত হয়ে বললো, দেশের যে অবস্থা, আমরা কি করে বেঁচে থাকবো সে চিন্তায় রাতে ঘুমুতে পারি না। আমরা হিন্দু মানুষ, আমাদের জান-মালের নিরাপত্তা কে দেবে? চারদিকে ডাকাতি হচ্ছে। দিনের বেলাতেও হিন্দু বাড়িতে লুটপাট হচ্ছে, মানুষ মেরে ফেলছে। পাড়ায় আমরা সবাই তোমার উপর ভরশা করছি। এই অবস্থার শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতেই থাকবে। বিনিময়ে টাকা পয়সা ধন-দৌলত যা চাও তাই পাবে।

টিটু শুধু শুনলো কিন্তু কোনো উত্তর দিলো না। হঠাৎ নরেন বাবুর স্ত্রী এসে টিটুর হাত ধরে কাঁদো-কাঁদো হয়ে বললেন, বাবা, তুমি কথা দাও, এই বিপদের দিনে তুমি আমাদের পাশে থাকবে। আমরা শুনেছি, আমাদের বাড়িতে ডাকাত পড়বে, পুজাকে তুলে নিয়ে যাবে। এখন আইন-আদালত নেই, বিচার-আচার নেই, আমরা কোথায় যাবো, কার কাছে গিয়ে দাঁড়াবো। বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। টিটু বললো, এসব কথা আমার কানেও এসেছে। তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। যতো বিপদই আসুক, আমি তার মোকাবেলা করবো।একটা কথা শুনে রাখেন, কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি খুন হয়ে যাবে। একদিন স্বাধীনতার জন্য অনেক বড় যুদ্ধ হবে। কে বাঁচবে কে মরবে তা কেউ জানে না। সাবধান, এসব কথা যেনো মুখ থেকে বের না হয়।

যাই হোক, সেই রাত থেকেই টিটু রয়ে গেলো নরেন বাবুর বাড়িতে। আলাদা একটি ঘরে তার থাকার ব্যবস্থা হলো। টিটু সারাদিন সেই ঘরেই থাকে। সেখানেই খাওয়া দাওয়া। পাড়ার দু’একজন ছাড়া একথা কেউ জানলো না। শুধু রাতের বেলা টিটু রাইফেল হাতে নিয়ে সতর্ক দৃষ্টি রাখে পাড়ার চারদিকে ঘুরে ঘুরে। আর এ কথা বলার অপেক্ষা থাকে না যে, পুজাই তখন টিটুর সারাদিনের সঙ্গী। পুজাই খাবার নিয়ে ও ঘরে টিটুকে খাওয়াতে যায় তিন বেলা। দরজা জানালা বন্ধ করে পুজা শুয়ে থাকে টিটুর খাটে। “পালঙ্কে শয়ন রঙ্গে, বিগলিত চির অঙ্গে, নিদ যার মনের হরিষে।

টিটু ওকে ভালোবাসার গল্প শোনায়। এক টুকরো নরম মাটি দিয়ে কুমার যেমন করে গড়ে মাটির পুতুল, ঠিক তেমটি করে টিটু গড়াতে থাকে জীবন্ত এক পুতুুল পরী। ভ্রমরের ভালোবাসার ছোঁয়ায় পাপ্ড়ি মেলে গোলাপ কুঁড়ি। টিটু যেনো জয় করলো স্বপ্নের এক পৃথিবী। আর পুজা অজানা এক সুখের সাগরে ডুব-সাঁতার দিতে দিতে হারিয়ে ফেললো নিজেকে। এক পল্কও কেউ কারো ছেড়ে থাকতে পারে না। এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। রাতে মায়ের কাছে থাকে পুজা। ঘুম আসেনা ওর দু’চোখে। কেবলি সট-ফট করে। মা সব বুঝেও বলতে পারে না কিছুই।

দেখতে দেখতে এলাকায় অনেক গুলো মানুষ খুন হয়ে গেলো। তার কিছু দিন পরই শহর থেকে ট্রাক ট্রাক পাকিস্তানি সৈন্যরা ঢুকলো গ্রামে-গ্রামে। এদিকে ভারত থেকে যুদ্ধের ট্রেনিং আর অস্ত্র নিয়ে দেশে ফিরতে শুরু করেছে মুক্তিকামি বাংলায় দামাল ছেলেরা। তৈরী হয়েছে রাজাকার বাহিনী। ওরা চিহ্নিত করছে হিন্দুদের ঘরবাড়ি-জ্বলে উঠছে দাউ-দাউ আগুন।

দেখতে দেখতে দেশ জুড়ে শুরু হলো গেরিলা যুদ্ধ। টিটুও তখন মুক্তিযোদ্ধা। ভারত থেকে আসা এক কমান্ডারের সাথে কাজ করে যাচ্ছে দেশের জন্য। থেমে গেছে ডাকাতি। টিটু ছুটে বেড়ায় তার দলের সঙ্গে। দেশের প্রতিটি মানুষ স্বাধীনতার জন্য পাগল। রাত দিন মেশিন গান আর সেল মটারের গুরুম-গুরুম শব্দ। এ সময় টিটুর ইচ্ছা থাকলেও আসতে পারেনি পুজার কাছে। এখন পুজার চেয়ে দেশ তার কাছে অনেক বড়। একদিন মুক্তি বাহিনীর সাথে যোগ দিলো মিত্র বাহিনী। প্রচন্ড যুদ্ধের মধ্য দিয়ে পরাজিত হলো পাকিস্তানের শাসক গোষ্ঠি। দেশ হলো স্বাধীন। অস্ত্র জমা দিয়ে ঘরের ছেলেরা ঘরে ফিরলো। আনন্দের জোয়ার বইল সারা বাংলায়। বুক ভরা স্বপ্ন নিয়ে টিটু গেলো পুজাদের বাড়িতে। কিন্তু বাড়িতে পা দিয়েই ও বুঝলো সব যেনো কেমন পালটে গেছে। পুজাকে টিটুর সামনে আসতে দিলোনা ওরা। পুজাকে বুঝিয়েছে মুসলমানের ছেলে কোন দিন আমাদের আত্মীয় হতে পারে না। টিটুকে তুমি ভুলে যাও। ওর সঙ্গে আর কখনো যোগাযোগ করবে না। এদেশ এখন আর আগের মতো নেই। মুসলমানদের ভয় পাওয়ার কোন কারণ নেই। পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক বাংলা হয়ে যাবে অদূর ভবিষ্যতে।

হিন্দুদের এই মন গড়া যুক্তি দু'দিনেই ভেঙ্গে পড়লো। বিরহ ব্যথায় কাঁদতে কাঁদতে পুজার দু'চোখে পড়েছে কালি। কিছুতেই সে ভুলতে পারে না তার ভালোবাসা রাজ পুত্রকে। টিটুও দিনে দিনে বদ্ধ পাগলের মতো হয়ে গেছে। ওর ভিতরের সেই অগ্নিশিখা আজ যেন তেলহীন প্রদীপের মতো নিবু-নিবু। রাতে ঘুমোতে পারে না, কেবল ছুটোছুটি করে বেড়ায়। কাউকে কিছু বলতে গেলেই টিটুর চোখ ঝাপায়ে পানি এসে যায়। বন্ধুরা ওর কষ্ট সহ্য না করতে পেরে এলাকা জুড়ে পোষ্টারীং করলো। রাতের অন্ধকারে পুজাদের বাড়িতেও লাগালো দু’চারটা। লেখা হলো “টিটুর জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। পুজাকে তার ভালবাসার কাছে ফিরিয়ে দাও। টিটু আর পুজার কোনো ক্ষতি হলে কাউকে বাঁচতে দেবো না আমরা। জ্বালিয়ে দেবো তোমাদের ঘরবাড়ি। লাশ করে দেবো পরিবারের সবাইকে”।

পুজার ছোট ভাই তার দিদির কষ্ট সহ্য করতে না পেরে টিটুর খবরা খবর আনা নেয়া করে। নিভৃতে দু'জনেই কাঁদে। না খেতে-খেতে শুকিয়ে গেছে পুজা। হঠাৎ পুজা একদিন স্বাভাবিক হয়ে উঠলো এবং নিজেই খেতে শুরু করলো নিশ্চিন্ত হলো পরিবারের লোকজন। আর সেই সুযোগেই রাতের অন্ধকারে পুজা ওর ছোট ভাইয়ের হাত ধরে পালিয়ে গেলো টিটুদের বাড়িতে। টিটু তখন নদীর চরে চিৎ হয়ে শুয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। চাঁদের মধ্যে সে খুঁজে ফিরছিলো প্রিয় পুজার মুখ। তখন গভীর রাত। চারদিকে নীরর নিস্তব্ধ। বাড়িতে টিটুকে না পেয়ে ভাইবোন ছুটে গেলো নদীর চরে। টিটুকে ওভাবে পড়ে থাকতে দেখে পুজা একটা আর্তনাদ করে ঝাপিয়ে পড়লো টিটুর বুকে। আনন্দে ছোট ভাইটির চোখে জল এসে গেলো।

কিন্তু কিছুক্ষণ পরই পুজার মা আর বড়দা সেখানে এসে হাজির। পুজার মা টিটুর সামনে হাত জোড় করে বললো, টিটু এক অসহায় মা তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছে, তুমি তাকে ফিরিয়ে দিও না। তুমি আমার মেয়েটাকে ভিক্ষা দাও। তা না’হলে আমাদের জাত যাবে, সমাজের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। এতবড় আঘাত সইতে পারবে না তোমার কাকা। তুমি দয়া করো আমাদের। টিটু কিছু বলার আগেই পুজার ছোট ভাই বললো, মা, দিদির জীবনের চেয়ে সমাজই তোমাদের কাছে বড় হলো। যে দিন ডাকাতের ভয় ছিলো সেদিন কি সমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়ে ছিলো?

টিটু তখন কোমর থেকে একটা চুরি বের করে ধীরে ধীরে বললো, কাকীমা, এই চুরি দিয়ে আমার গলা কেটে আপনি আপনার মেয়েকে নিয়ে যান। কেউ জানতে পারবে না। সবাই ভাববে আমি আত্মহত্যা করেছি। পুজাও কাঁদতে কাঁদতে বললো, মা তুমি আমাকে মেরে আমার লাশ নিয়ে যাও। যদি তা না পারো তা’হলে চলে যাও এখান থেকে। মনে করো তোমাদের পুজা মারা গেছে। পুজার মা হঠাৎ কান্নায় ভেঙ্গে পড়লো। কাঁদতে কাঁদতে বললো, বাবা টিটু এই যুগল মুর্তি আমি ভাঙ্গতে চাইনারে। কিন্তু সমাজকে আমি .... পুজার মা মুখে আঁচল চেপে ছুটলো বাড়ির দিকে। পুজার বড় দাদাও ছুটলো তার মায়ের পিছু-পিছু। তখন ছোট ভাই বললো, দিদি, এবার তোমরা বাড়ি যাও। আর কখনো তোমারা কেঁদোনা। আমাদের যা হয় হবে।

এই গল্পটা একাত্তরের। আজ টিটু আর পুজা সুখি দম্পত্তি। সময়ের ব্যবধানে ওরা হয়েছে নানা-নানী। সমাজ সংসার কেউ ওদের পরিহাস করেনি। এখনো ওরা ভালোবাসায় প্রদীপ জ্বেলে এক অপরের পথ চেয়ে বসে থাকে।
******************************
দেলোয়ার হোসেন
করিমিয়া প্রেস ৫/১, গির্দ্দা উর্দ্দু রোড,
বক্শী বাজার, ঢাকা।
মোবাইল নং - ০১৫৫২৪১৫৮৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×