অনলাইন ডেস্ক | তারিখ: ২৯-০৬-২০১২
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা কিংবা তালেবান নয়, ভারতই সবচেয়ে বড় হুমকি পাকিস্তানিদের কাছে। কেবল ২২ ভাগ পাকিস্তানি ইতিবাচক তাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি। বিপরীতে পাকিস্তানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে ৫৯ ভাগ ভারতীয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত এক জরিপ থেকে এসব তথ্য জানা গেছে। জরিপটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটি তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রকল্পের আওতায় এ গবেষণাটি পরিচালনা করে।
জরিপের তথ্য অনুযায়ী, প্রতি ১০ পাকিস্তানির মধ্যে ছয়জনই ভারতকে আল-কায়েদা কিংবা তালেবানের চেয়ে বড় হুমকি মনে করে। প্রতি পাঁচজনে একজন ভারতের প্রতি ইতিবাচক। প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি ইতিবাচক মানসিকতার এ পরিবর্তনও খুব সামান্য। কারণ, গত বছর ১৪ ভাগ পাকিস্তানি ভারতের প্রতি ইতিবাচক ছিলেন। এবার তা উন্নীত হয়েছে ২২ ভাগে।
জানা গেছে, ২০০৯ সালে প্রথমবার পাকিস্তানিদের মতামত জানতে চাওয়া হয়। সে সময় থেকেই তারা ধারাবাহিকভাবে ভারতকে প্রধানতম হুমকি মনে করে আসছে। ওই সময় তাদের থেকে ভারত ভীতি ১১ ভাগ ভাগ। এবার তা আরও বেড়ে ৫৯ ভাগে পৌঁছেছে। অন্যদিকে, পাকিস্তানিদের তালেবান ভীতি কমেছে নয় ভাগ।
বিপরীত চিত্রও পাওয়া গেছে জরিপে। নেতিবাচক চিন্তা সত্ত্বেও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন চান ৬২ ভাগ পাকিস্তানি। আর দুই-তৃতীয়াংশ পাকিস্তানি মনে করেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও আলোচনার পথ প্রশস্ত হওয়া দরকার।
এদিকে পাকিস্তানিদের মতো অধিকাংশ ভারতীয়ও চান দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক, অধিক বাণিজ্য ও আলোচনা। চলতি বছরে প্রতি ১০ জনে ছয়জন অর্থাত্ ৫৯ ভাগ ভারতীয় পাকিস্তান প্রশ্নে নেতিবাচক ধারণা পোষণ করেছেন। গত বছরে এ হার ছিল ৬৫ ভাগ।
জরিপ অনুযায়ী, কেবল ভারত নয়। চীন, জাপান, মিসর, জর্ডান ও তিউনিসিয়ার প্রতিও রয়েছে পাকিস্তানিদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি।
দুই দেশের নাগরিকেরাই কাশ্মীর সমস্যার সমাধান চায় উল্লেখ করে জরিপে বলা হয়, ১০ জন পাকিস্তানির আটজন এবং ভারতীয় ১০ জনের ছয়জনই মনে করে কাশ্মীর নিয়ে বিদ্যমান সমস্যার সমাধান হওয়া উচিত।
যুক্তরাষ্ট্র প্রশ্নে জরিপে অংশ গ্রহণকারীদের অবস্থানও ছিল নেতিবাচক। পাকিস্তানিদের চারজনে তিনজনই (৭৪ ভাগ) যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিও তাদের শত্রুভাবাপন্ন মনোভাব স্পষ্ট।
জানা গেছে, ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত পিউ রিসার্চ সেন্টার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রকল্পের আওতায় ১৫টি দেশের ওপর গবেষণা করে। এতে লক্ষ করা যায়, ১৫টি দেশের মধ্যে একমাত্র পাকিস্তানই মনে করে ওবামা তার শেষ বছরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশের চেয়েও খারাপ।
পিউ রিসার্চ সেন্টার জানায়, এক হাজার ২০৬ জন লোকের মুখোমুখি সাক্ষাত্কারের মাধ্যমে জরিপটি করা হয়েছে। এ জন্য সময়সীমা ধরা হয়েছিল চলতি বছরের ২৮ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত।—পিটিআই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






