দ্যুতিময় জ্যোতির ডানা বিভঙ্গে তোলপাড় তুলেছিল মহাকাশে
নাক্ষত্রিক তরঙ্গবলয় ভেঙে মেতেছিল অক্ষের তাণ্ডবে
সন্তরণে নৃত্যপর তারকার হাটে।
অতঃপর
অগ্নিগোলক হয়ে অতিকায় সুপারনোভা
কোনো এক সংক্রান্তি পার্বণে বিস্ফোরণে ছড়িয়েছে
হাঁপরের লোহিতাভ আনন্দ উদ্ভাস
মহাকালে মুহুর্মুহু উচ্ছ্বাস পুড়িয়ে শেষে গূঢ় সংকোচে
অভিকর্ষে সংহত গুরুভার অতিগাঢ় পিণ্ড বামন।
অতঃপর
মহাজাগতিক সমুদয় প্রতিবেশী হলাহল শুষে নিয়ে
কালিক কুহরে নীলকণ্ঠ গতায়ু নক্ষত্রের কৃষ্ণ কংকাল হয়ে
বেদনার পেটিকা মোড়া স্মৃতির মমি বুকে পুরে
অপবাদ সয়ে যায় ক্ষয়ে ক্ষয়ে কালান্তরে
জমাট আলোর নিচে নির্নিমেষ শুয়ে থাকা
অজ্ঞাত প্রেমিকের অমিতাভ আত্মার বিদেহী ফসিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

