কশেরুকা ভেঙে ভেঙে নুয়ে নুয়ে ক্লান্তির ভেতর
দ্রোহহীন সহিসেরা অনিচ্ছুক পাশ ফিরে শোয়।
শতচ্ছিন্ন সুখ কিংবা ক্ষমতার রাজসত্রগুলো
ক্রমশই লোলচর্ম বিড়ালের থাবা হয়ে যায়।
সময় বিস্মৃতি আনে।তবু কেউ পড়েনাকো দেয়াল লিখন।
শতচ্ছিন্ন অন্ধকার কিংবা প্রজ্জ্বলন্ত আলোর উঠোন
অকস্মাৎ নেতিয়ে যায় বিতৃষ্ণার চৌকাঠে।
পর্যুদস্ত মানুষেরা খুঁজে ফেরে খড়কুটো,আশ্রয়।
যাচ্ঞা করে অন্বেষিত নিয়তির হাত
কিংবা তামসিক ভারগ্রস্ত কোমল আয়ু্ধে
অরক্ষিত ইচ্ছেগুলো লুপ্ত হয় বেদনার অনন্ত গহনে।
মানুষেরা হাতড়ে ফেরে অনর্পিত আলোর প্রদীপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


