হয়তো পর্যায় গেলো,শুরু হলো জেরোমিক কাল
সিলিকন যন্ত্রপাতি মুঠোয় এবার!
ত্রুটিমুক্ত জিন হবে পরিশুদ্ধ মানবের ত্রাণ-
মানুষ কি দিতে পারে যা কিছু দেবার?
হার্টবিট,টেলিপ্যাথি,প্রচলিত মানবিক বোধ
হৃদয় ছলকে-ওঠা তরলিত প্রেম
এভাবেই দুঃখবোধ,সুখতাড়ানিয়া রাত্রি জাগরণ
স্বোপার্জিত হৃদয়ের হেম?
বাঁচার কোমল আর্তি,জ্যোৎস্নাময় প্রবল আকাশ
আশ্লেষে আকুল কাম,পাবে কিনা পাবে?
তখনো কি এভাবেই আকুলতা নিয়ে
শুদ্ধজিন মানবেরা যুবতীর ঠোঁটে চুমু খাব?
(প্রথম আলোর সৌজন্যে)
প্রয়োজন ফুরিয়েছে তোর
প্রয়োজন ফুরিয়েছে তোর-এই বাক্য উচ্চারিত হয় কোথা থেকে?
নৃতত্ব,এনাটমী,ফিজিওলজি নাকি কোনো দার্শনিক গূঢ় উচ্চারণ আমাকে
নামিয়ে এনেছে মাটির পৃথিবীতে?
আকাশ উচ্চারণ করছে,পরিপার্শ্ব,প্রকৃতি ও নদীর জলে
ঢেউয়ে ঢেউয়ে ফেনায় ও গ্লেসিয়ার গলে ধ্বনিত হচ্ছে-
প্রয়োজন ফুরিয়েছে তোর।
রক্তে চিনি,ব্যাকপেন,হার্ট ব্লক,ঘড়িধরা জীবনের গতি
নিরবে নিঃশব্দে বলে দেয়-প্রয়োজন ফুরিয়েছে তোর।
স্বপ্নঘোর আধোজাগরণ
স্নায়ুর সকল স্তরে বিষাক্ত নীলাভ ক্যাকটাসের মতো
অসহ্য গরল ঢালে-প্রয়োজন ফুরিয়েছে তোর।
(নয়া দিগন্তের সৌজন্যে)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



