ভেজা ঘাসের উপর নেমে এলো আধখানা চাঁদ
আর আধখানা তোমার কপালের উপর এমনভাবে
আটকে থাকলো যে চাঁদ এবং তোমাকে
পৃথক করার প্রয়াসে গলদঘর্ম হতে থাকলাম।
লেপ্টে থাকা চাঁদ থেকে বিচ্ছুরিত আলো ও আভায়
তোমার চোখ,কপোল ও নাভির উপর উড়ে আসে
প্রজাপতি ও পতঙ্গেরা
আর কামে ও হ্লাদে তোমার শরীর মুহূর্তেই আফ্রোদিতি।
দুটো কৌতূহলী শেয়াল কাঁটা ঝোপের আড়াল থেকে
এই দৃশ্যে জুলজুল।ছায়ার ভেতর ওদের চোখ জ্বলে।
শতাব্দীর ধূর্ততার ভেতর বাস করতে করতে ওরাও এখন মানুষধর্মী।
সুতরাং তারা জবরদস্তি আশ্লেষের ভেতর নামে-
এক ঝটকায় চাঁদকে ছিটকে ফেলে ধুলোর ভেতর
অতঃপর ছিন্নভিন্ন তোমাকে স্তূপীকৃত বসনের পাশে
নগ্ন ও রক্তাক্ত ফেলে যায়।
বিবর্তনবাদের নব পর্যায়ে
শেয়ালেরা ক্রমশই মানুষ হয়ে উঠছে কিংবা মানুষ শেয়াল।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



