শফিকুল ইসলাম [আজকের দৈনিক আমাদের সময়ে প্রকাশিত খবর]
বাংলাদেশে এই প্রথম সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত উড়াল সড়ক নির্মিত হচ্ছে। শর্ত সাপেক্ষে এ কাজের দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে যোগাযোগ মন্ত্রণালয়কে উড়াল সড়ক নির্মাণ কাজ বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর দায়িত্ব দিয়েছে সরকার। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৩২২ কোটি টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিওওটি বা বিওটি ভিত্তিতে নির্মিত হবে এ সড়ক। গতকাল সকালে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, তিন ধাপে এ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হবে। প্রথম ধাপ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর, দ্বিতীয় ধাপ তেজগাঁওয়ের পুরাতন বিমান বন্দর থেকে সায়েদাবাদ এবং তৃতীয় ধাপ হচ্ছে সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শর্ত হিসেবে যোগাযোগ মন্ত্রণালয়কে উড়াল সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের সঙ্গে জয়দেবপুর থেকে বনানী হয়ে কমলাপুর পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অনুমতি দিয়েছে।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: জুলফিকার রাসেল
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



