[সরোয়ার আলম। আজকের যুগান্তরে প্রকাশিত খবর]
ঢাকাসহ সারাদেশে ৫ হাজার ৯১২ জন ইয়াবা ব্যবসায়ী দাপটের সঙ্গে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের নিয়ন্ত্রণে দুই শতাধিক গ্র“প ইয়াবা ও আইসপিল বিক্রি করছে বিভিন্ন স্থানে। তালিকাভুক্ত ব্যবসায়ীদের মধ্যে নামিদামি মডেলও রয়েছেন। র্যাব-পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তালিকা করেও নিয়ন্ত্রণে আনতে পারছে না ইয়াবা ব্যবসায়ীদের। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে ইয়াবা বিক্রি করছে ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার জানান, কিছু ইয়াবা ব্যবসায়ী এখনও সক্রিয় রয়েছে। তালিকাভুক্ত ব্যবসায়ীদের গ্রেফতার করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং সফলতাও পাওয়া যাচ্ছে। তবে আগের চেয়ে এ ব্যবসা কিছুটা কমেছে বলে তিনি মনে করেন।
গোয়েন্দা সূত্র জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে আইন প্রয়োগকারী সংস্থা নানা পদক্ষেপ নিয়ে আসছে। প্রতিদিনই কোথাও না কোথাও ইয়াবা বিক্রেতা গ্রেফতার এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার হচ্ছে। তারপরও কিছুতেই তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পাকিস্তান ও ভারত সীমান্ত দিয়ে মিয়ানমার ও টেকনাফ হয়ে দেদারসে ইয়াবা, আইসপিল, ভায়াগ্রা ট্যাবলেটসহ নানা রকমের মাদকের চালান নিয়ে আসছে ব্যবসায়ীরা। হাইওয়ে পুলিশের কিছু দুর্নীতিবাজ সদস্য ব্যবসায়ীদের সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গোয়েন্দারা একটি রিপোর্ট তৈরি করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ঢাকার আনাচে-কানাচে ইয়াবা বিক্রি হচ্ছে। বিশেষ করে হোটেল, রেস্ট হাউস ও আবাসিক হোটেলগুলোতে রাতের বেলায় তরুণ-তরুণীরা ইয়াবা বেশি সেবন করছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে রিপোর্টে বলা হয়। পাশাপাশি নামিদামি মডেলরাও এ ব্যবসায় জড়িয়ে পড়ছে। ইয়াবা ব্যবসা রোধ করতে রিপোর্টে কিছু সুপারিশ পেশ করা হয়েছে বলে এসবির এক কর্মকর্তা জানান। তিনি বলেন, ধনীর দুলালরা এ ব্যবসার সঙ্গে বেশি জড়িত। বিশেষ করে গুলশান এলাকায় সমাজের প্রতিষ্ঠিত লোকের সন্তানরা ইয়াবা সেবন করে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। রিপোর্টটি গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
র্যাবের এক কর্মকর্তা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইয়াবা বিক্রি হয় বেশি। গুলশান, বনানী, উত্তরা ও বারিধারার গেস্ট হাউসগুলোতেও ইয়াবা সরবরাহ করা হয়। ইয়াবা ট্যাবলেটের দাম আগের চেয়ে কিছুটা কমেছে। ধনীর দুলাল, মডেলসহ তালিকাভুক্ত ব্যবসায়ীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র মতে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ হাজার ৯১২ জন ইয়াবা ব্যবসায়ী সক্রিয় রয়েছে। তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট শিল্পপতি রয়েছেন। তাদের পাশাপাশি নামিদামি মডেলদেরও নাম এসেছে। গত মাসে র্যাব, ডিবি, থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এ তালিকা করেছে বলে সূত্রটি দাবি করে।
বুধবার ঢাকার খিলগাঁও থেকে গ্রেফতার হওয়া ইয়াবা বিক্রেতা আইয়ুব আলী ডিবি পুলিশকে জানিয়েছে, একাধিক সিন্ডিকেট মিয়ানমার থেকে ইয়াবার চালান ঢাকায় আনছে প্রতিদিন। সড়ক পথে এসবের চালান বেশি আনা হয়। হাইওয়ে পুলিশ ব্যবসায়ীদের বেশি সহযোগিতা করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ ও কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী নিয়মিত ক্রেতা। প্রতিটি ট্যাবলেট ৩শ’ থেকে সাড়ে ৫শ’ টাকায় বিক্রি করা হয়। আইয়ুব আলী আরও জানায়, তার নিয়ন্ত্রণে থেকে গুলশান, বাড্ডা, বারিধারা, ধানমণ্ডি, উত্তরাসহ আরও কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক সদস্য এ ব্যবসা চালাচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই অভিজাত পরিবারের সন্তান। একটি রাজনৈতিক দলের নেতা তাদের শেল্টার দিয়ে থাকে বলে সে জানায়।
সূত্র আরও জানায়, যেসব ইয়াবা ব্যবসায়ী ঢাকায় সক্রিয় তাদের মধ্যে রয়েছেÑ জুয়েল, মুশফিকুর রহমান তমাল, শাহেদ আহমেদ, মুন্না, হেলাল, শিহাব, জাহাঙ্গীর, শাহিনুর, আল-আমিন, জসিম, লোকমান, রাসেল, মুছা, লোকমান, সজল, সোহেল, আলমগীর, রানা, ডালিম, নান্টু, আক্কাছ, রহিম, হোসেন, ময়নুল, শরীফ, হাফিজুর, ইকবাল, ইসমাইল, বাকি মিয়া, জাহাঙ্গীর, সুজন, রিনা আক্তার, সুমি আক্তার, আকমল, কাইয়ুম, বিল্লাল, সিদ্দিক, জামান, সেলিম, আকতার আলী, রুবেল, হানিফ মেম্বার, লাকীর মা, উর্মি, জাবের খান ও শামীম আহমেদ।
ঢাকার বাইরেও কয়েকটি শক্তিশালী গ্র“প সক্রিয় রয়েছে। ওই চক্রগুলো মিয়ানমারের মংগু শহর থেকে ইয়াবার চালান নিয়ে আসে। তাদের মধ্যে আইয়ুব খান, আবদুর রশিদ বেকু, ইউনুস, এমদাদ, মোল্লা, সুজন, জাফর আহমেদ, ইয়াহিয়া, হাশেম মেম্বার, বদি, দিদার, সৈয়দ কবীর, হাসান, রমজান আলী ও আবদুল্লাহ গ্র“প অন্যতম।
গত কয়েক বছরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৬৭ হাজার ৭শটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। তাছাড়া ৫ হাজার ৯২টি আইসপিল, ১৪ হাজার ৬১ পিস ও ৭০ প্যাকেট ভায়াগ্রা, ৮৯ হাজার ৩৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



