প্রচণ্ড রোদকে উপেক্ষা করে তাহরির স্কয়ার হিসেবে ঘোষিত রাজধানীর ‘শাহবাগ স্কয়ারে’ ভিড় বেড়েই চলছে। আন্দোলনে যোগ দিচ্ছেন নতুন নতুন লোক। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর এ গুরুত্বপূর্ণ স্থানটি জনতার দখলে রয়েছে।
বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে শত শত নারী-পুরুষ- সাংবাদিক-শিক্ষক-রাজনীতিবিদ-চিকিৎসক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের প্রতিবাদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে শাহবাগ মোড়। উপস্থিত নাগরিকদের একটিই দাবি ‘কাদেরের ফাঁসি চাই’।
উপস্থিত নাগরিকরা জানান, মিশরির তাহরির স্কয়ার থেকে যেমন স্বৈরশাসক হোসনি মোবারকের পতন না হওয়া পর্যন্ত সে দেশের নাগরিকরা ঘরে ফেরেনি; তেমনি ‘শাহবাগ স্কয়ার’ থেকে সব যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।”
ছোট্ট ছেলে আবরারকে সঙ্গে নিয়ে আসা মোহাম্মদপুরের ব্যবসায়ী আব্দুস সোবাহান নতুন বার্তা ডটকমকে বলেন, “কাদের মোল্লার রায়ে আমরা কেউ খুশি নই। একজনের হত্যাকাণ্ডে যদি ১০ থেকে ১২ জনের ফাঁসি হতে পারে। তবে শত শত লোক হত্যাকারী কাদের মোল্লার কেন ফাঁসি হবে না? আমার সন্তানকে ইতিহাসের এই চরম বাস্তবতার সাক্ষী বানাতে আমার প্রিয় শিক্ষাঙ্গনের পাশে নিয়ে এসেছি।”
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কাদের মোল্লার ব্যঙ্গচিত্র অঙ্কন করে তার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে জমায়েত হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



