টানা তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা জয়ী স্পেনের এই দলটিকে ‘অসাধারণ ফুটবল প্রজন্ম’ বলে বর্ণনা করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। অন্যদিকে শিরোপা জিততে না পারলেও ইতালির কোচ সিজার প্রানদেল্লি মনে করেন টুর্নামেন্টটা দারুণ কেটেছে তার দলের।
রোববার ইতালিকে ৪-০ গোলে হারিয়ে ইউরো শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জেতার অনন্য কীর্তি গড়েছে স্পেন।
চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে দেল বস্ক বলেন, “ফুটবলারদের অসাধারণ একটি প্রজন্ম নিয়ে আমরা কথা বলছি। তাদের শেকড় আছে, তারা জানে কীভাবে একসঙ্গে খেলতে হয়। কারণ তারা এমন একটি দেশ থেকে এসেছে যেখানে তাদের সঠিকভাবে ফুটবল শেখানো হয়েছে।”
টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই অতিরিক্ত পাসিং ও বিশেষজ্ঞ স্ট্রাইকার নিয়ে না খেলার জন্য সমালোচনা, এমনকি বিদ্রুপও সইতে হয়েছে দেল বস্ককে। তবে শেষ পর্যন্ত তার ‘টিকি-টাকা’ ও ‘ফলস নাইন’ কৌশলেরই জয় হয়েছে।
নিজের কৌশলের ব্যাখ্যা দিতে গিয়ে দেল বস্ক বলেন, “আমি দলের খেলায় কোনো পরিবর্তন আনিনি। ফুটবলের তো আর শুধু একটি ধরন থাকতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা।”
“আমাদের খেলোয়াড়রা খুবই বুদ্ধিমান আর আমাদের দলটিও ভারসাম্যপূর্ণ। আমাদের স্ট্রাইকার ঠিকই আছে। তবু আমরা এমন খেলোয়াড়দের মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছি যারা আমাদের কৌশলের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই,” যোগ করেন তিনি।
ফাইনালে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেও শিষ্যদের ওপরে অসন্তুষ্ট নন প্রানদেল্লি। তিনি বলেন, “কিয়েভের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যখন স্টেডিয়ামের আলোগুলো দেখবো, তখন কিছুটা হলেও হতাশা অনুভব করবো। তবে আমার মনে হয় আমরা দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছি। আগামীকাল (সোমবার) এ কথা ভেবে স্বস্তি বোধ করবোই।”
শিরোপা ছাড়াও এবারের ইউরোর ব্যক্তিগত সেরা দুই পুরস্কারও স্পেনের দখলে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন ফার্নান্দো তোরেস
by-bdnews24

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


