
এই নগরীর সব নষ্ট, ভ্রষ্ট আর ভন্ডদের ভীড়ে
হয়তো আমিও একদিন, ঠিক হারিয়ে যাবো।
গ্লাসে মদের রিনিঝিনি শব্দে মুগ্ধ হবো, মাতাল হবো,
হয়তো কারো পেটের ভাঁজে, বুকের খাঁজে মুখ গুজবো।
কী করবে তখন তুমি?
টেবিলের ওপর খাবার সাজিয়ে বসে থাকবে, অপেক্ষা করবে?
অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়বে?
না, না, তা কেন হবে বলো!
অমন আশা আমি করিও না কখনো।
হয়তো তুমিও কাউকে আলগোছে খুলে দেবে
তোমার অবাধ্য শাড়ীর ভাঁজ।
হয়তো আমার বিছানাতেই কেউ
দুমড়ে মুচড়ে দেবে তোমায়।
চুমুতে চুমুতে তোমায় উষ্ণ করে তুলবে
আবার শীতল করে দেবে।
হয়তো মাঝরাতে ক্লান্ত হয়ে
তুমি দরজা খুলে দেবে আমায়।
অন্য কোন উপায় নেই কলেই হয়তো
আমরা একসাথেই থাকবো।
কোন বিয়ে অথবা জন্মদিনের পার্টিতে
হাসিমুখে, পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবো আমরা।
আমাদের ড্রয়িংরুমের দেয়ালে ঝুলে থাকবে ছবি,
শুধু আমরা আর কেউ কারো থাকবো না।
এই নষ্ট নগরীর গল্প এগিয়ে যাবে,
আরো কিছু নষ্ট চরিত্র উঁকি দেবে,
তুমি, আমি, আমরা,
এবং আমাদের অনাগত সন্তানেরা!
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




