
নাম্বারটা খুব চেনা চেনা লাগছে, না? লাগতেই হবে! দুই বাংলার কোটি যুবকের চির চেনা নাম্বার! একটু দাঁড়ান, একটা কল দিয়ে দেখি! একটা সুখবর আছে!
ক্রিং ক্রিং... ক্রিং...
- হ্যালো!
- হ্যালো! এটা কি 2441139?
-জ্বী! কাকে চাই?
- বেলা আছে? বেলা বোস! দিন না ডেকে বেলাকে একটি বার! ব্যালেন্স যাচ্ছে কমে এই প্রিপেইড সেলফোনে। জরুরী, খুব জরুরী দরকার!
- দুঃখিত! বেলা বোস আর এখন এই নাম্বারে থাকে না।
- কোথায় থাকে? ঠিকানাটা একটু দেয়া যাবে, প্লিজ?
- ফ্রান্সে থাকে! ফ্রান্স কোথায় জানেন তো! য়্যূরোপ, য়্যূরোপ!!! ঠিকানা দেব? ফ্রান্সে যাবেন দেখা করতে?
- না, না, লাগবে না। মাত্র তো চাকরিটা পেলাম, এখনো বেতন পাইনি। ফ্রান্সে যাবো কিভাবে? দুই মাসের বাড়ি ভাড়াই দেয়া হয়নি!
- কোথা খেকে যে এইসব উটকো ফোন আসে!!! যত্তোসব!!!
- রাগ করবেন না প্লিজ। জাস্ট নাম্বারটা একটু দেবেন! একটাবার শুধু ফোন করবো!
- না, না! অপরিচিত কাউকে নাম্বার দেয়া নিষেধ।
- ঠিক আছে, লাগবে না। দয়া করে একটা খবর পৌঁছে দেবেন? কথাটা শুনলে বেলা অনেক খুশি হবে!
- কী বলবেন, তাড়াতাড়ি বলুন।
- চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!!!
শুনলেন তো সবই! ভাই, দয়া করে জুতো জোড়াকে এবার একটু রেহাই দিন। হন্যে হয়ে চাকরী খোঁজাটা এবার ছাড়ুন। কষ্টে চিষ্টে কোন রকমে একটা কেরানীর চাকরী পেলেও পেয়ে যেতে পারেন। কিন্তু বেলা বোসকে পাবেন না কোনদিনই। বেলা বোসদের প্রেম বরাবরই ডলার পাউন্ডে বিক্রি হয়ে যায়। বিলাসবহুল এ্যাপার্টমেন্ট অথবা ফ্ল্যাট বাড়ি রেখে তারা কখনোই আপনার সাবলেট নেয়া বাড়িতে এসে উঠবে না।
তারচে নিন! এই সস্তা সিগারেট টা জ্বালান। দুইটা সুখটান দিয়ে সটানে পার্কের বেঞ্চে শুয়ে পড়ুন। স্বপ্নে একটাবার বেলা বোসের মুখটা উকি দিলেও দিতে পারে!!!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




