লোকটা প্রায়ই এলোমেলোভাবে হেঁটে যেতো এই পথে। দিশেহারাভাবে কিছু খোঁজে বেড়াতো। লোকটা কি খোঁজে বেড়াতো সেটা কেউই বলতে পারবে না। লোকমুখে শুনা যায় লোকটা পাগল। তবে অন্যসব পাগলদের সাথে লোকটাকে আমি মিলাতে পারি না।
একদিন ঝুম বৃষ্টিতে কলেজ থেকে কাক ভেজা হয়ে বাড়ি ফিরছিলাম। লোকটার সাথে পথের মোড়ে দেখা হয়ে গেলো। পাগলদের আমি এমনিতেই ভয় পাই...সেদিনও ভীষন ভয় পেলাম। কিন্তু লোকটা আমাকে অবাক করে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি করে "পাগলী" বলে চলে গেলো! পাগলরা কখনো আদর করে না বরং তাড়া করে। তবুও বাসার কাউকেই সেদিন আমি বুঝাতে পারিনি যে লোকটা পাগল না। তারপর অনেকটা দিন পর, আবারো এক বৃষ্টি ভেজা বিকেলে আমি বাসায় ফিরছিলাম। সেই চিরচেনা পথের মোড়ে আমি সেদিন লোকটাকে দেখি নি। সেই পথটা সেদিন কৃষ্ণচূড়ার রঙে রাঙা ছিলো। সেদিন বৃষ্টির রঙ ছিলো লাল। বৃষ্টির তীব্র শু শু শব্দের মাঝে কে যেনো জানান দিলো "পাগলটা মরে গেছে"।
আসলে এই ধরনের পাগলদের বেঁচে থাকার কোন মানে হয় না। তারা হলো পৃথিবীর বুকে বাড়তি ঝামেলা। সবাই ফিস ফিস করে পাগলটার মৃত্যুর কথা বলে কিন্তু কেউ জোর গলায় বলে না যে পাগলটাকে খুন করা হয়েছে।
কখনো কখনো নিঝুম মাঝরাতে দমকা হাওয়া জানালার কার্নিশ বেয়ে আসে। কখনো কখনো সেই হাওয়া ঝিরিঝিরি ডালিম রাঙা বৃষ্টির ছোঁয়া নিয়ে আসে। আমি আজো বই খাতা হাতে নিয়ে কলেজে পড়তে যাই সেই একি পথ দিয়ে যেই পথে একদিন কৃষ্ণচূড়া রঙা রক্ত বইছিলো বৃষ্টির সাথে। আমি মাঝে মাঝে বাতাসের স্রোতে ফিস ফিসানি শুনতে পাই....আমি চিনি সেই কন্ঠ.....সেই মিষ্টি স্বরের পাগলি ডাকার কন্ঠের মতই। আজ চায়ের দোকানে সন্ধ্যা নামলে লোকমুখে সেই লোকটার কথা শুনা যায় না। পৃথিবীর সব রহস্যের সমাধান হয়না। যেমনটি হয়নি সেই মায়াভরা লোকটির মৃত্যুর রহস্য...কিংবা দিশেহারাভাবে লোকটার কিছু একটা খোঁজে চলা....হতে পারে সে খোঁজে বেড়াতো কিছু স্বপ্ন কিংবা এক মুঠো সুখ নয়ত একটা নাটাইবিহীন ঘুড়ি।
*********************************
লেখাগুলোর ওখানেই সমাপ্তি ছিলো।
আজকাল একটা হালকা গোলাপী শাড়ি(যার অর্ধেকই জীর্নশীর্ন) পড়া এলোমেলো চুলের একটা মেয়েকে এই এলাকায় দেখা যায়। মেয়েটা বৃষ্টি এলে আকাশের দিকে মুখ করে বিড় বিড় করে কথা বলে। মাঝে মাঝে ভর দুপুরে দিশেহারা পায়ে কি যেনো খোঁজে বেড়ায়। লোকে বলে মেয়েটা পাগল। কিন্তু মেয়েটার চোখ অন্য কিছু বলে....তার চাহনিতে একটা চাপা কষ্ট, একটা চাপা আগুন.....
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


