জাহেদ সরওয়ার
( জে এম কোয়েতজির প্রতি কৃতজ্ঞতা)
সেই ছেলেটি প্রতিদিন আমার কাছে আসে
তার হারানো পিতার খোঁজে-
'দেখুন আমার হাত,পা গুলো;
মুখটাই বা দেখুন না অবিকল আপনার মত,
আপনিই আমার পিতা-সে বলে।
সেও প্রতিদিন আমার সাথে ঘুমানোর বায়না ধরে
আমার পাত চেটে খায়
আমার লেখার টেবিলে বসে আঁকিবুকি করে।
ভাবি সেও আমার মত উদ্্বাস্তু হবে কোনো
থাকতে এসেছে পরিত্যক্ত আরেক উদ্্বাস্তুর সাথে।
'দেখতে একরকম হলেই কেউ কারো পিতা হয়না'
-তাকে বলি।
'এই যে আমার নামটাও আপনার মত জাহেদ সরওয়ার'-সে বলে।
চলো-আমি তাকে নিয়ে চলি
কোথায়?-সে বলে
তোমার আসল পিতার কাছে'কদম চালাও অন্ধকার
নামার আগেই ফিরতে হবে'।
আমি তাকে বনের ভেতর দিয়ে নিয়ে চলি
ঝরাপাতা মাড়িয়ে।
গহীনে আমরা আরো একাকী হতে থাকি
অন্ধকার নেমে এলে থেমে যাই
-উদ্দেশ্যহীন এই পথচলা-
ফিরে চলো। আমি বলি
-এ সংসারে আমাদের কোনো পিতা নাই আমরা মাতৃজাত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



