বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের তিন নেতার বৈঠকে আপাতত ১৮ দলীয় জোটের এ দুই প্রধান শরিকের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি জামায়াতের ওই তিন নেতা সবার চোখ ফাঁকি দিয়ে বিএনপি প্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তারা দু’দফা বৈঠক করেন বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।
এর আগে সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতা ও এর কারণে দীর্ঘদিনের পরিক্ষীত রাজনৈতিক মিত্র বিএনপি-জামায়াতের সর্ম্পক ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
শোনা যায়, মানবতাবিরোধী অপরাধে আটক শীর্ষ নেতাদের বাঁচাতে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের আগাম নিবার্চনে অংশ নিচ্ছে জামায়াত।
এ খবরে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। বিব্রত হতে থাকেন উভয় দলের কেন্দ্রীয় নেতারা।
এ সন্দেহ দূর করতেই তড়িঘড়ি বিএনপি প্রধানের সঙ্গে গোপন বৈঠকে বসেন জামায়াত নেতারা।
রাজধানীর এক বাসায় অনুষ্ঠিত ওই গোপন বৈঠকে জামায়াতের প্রতিনিধিত্ব করেন তিন জন। এর হলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অধ্যাপক মজিবুর রহমান ও মহানগর সভাপতি হামিদুর রহমান আযাদ এমপি। আর বিএনপির পক্ষে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল। বৈঠকে জোটের ঐক্য অটুট রাখা নিয়ে দীর্ঘ সময় কথা বলেন তারা।
ওই বৈঠকে জামায়াতকে আস্বস্ত করে খালেদা জিয়া বলেন, “আমি (বিএনপি) ঠিক আছি। আমরা জামায়াতকে বিশ্বাস করি। মানুষে অনেক কথা বলবে। সরকার তাদের বিভিন্ন লোক মারফত নানা কথা ছড়াবে, এসবে বিএনপি কান দেয় না। আপনারা ঠিক থাকলেই হলো।”
এ সময় অন্যদের কথায় কান না দিয়ে সরকারবিরোধী চলমান আন্দোলনকে আরও বেগবান করে জয়ের পথে এগিয়ে যাওয়ার আহবান জানান খালেদা।
এ সময় জামায়াত নেতারা বলেন, তাদের শীর্ষ নেতারা জেলে। তাদের গলায় ফাঁসির দড়ি ঝুলছে। জামায়াত কি করে আওয়ামী লীগের সঙ্গে আপোস করবে।
আর্দশিক কারণে কোন দিনই আওয়ামী লীগের সঙ্গে আপষ করা সম্ভব নয় জানিয়ে তারা বলেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। এ অপপ্রচারে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির ঘটনা ঘটতে পারে- এ আশংঙ্কা থেকে তারা বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক বিএনপির স্থাযী কমিটির এক সদস্য বাংলানিউজকে বলেন, “বিএনপিকে ছেড়ে জামায়াত কোথায় যাবে? তাদের আর যাওয়ার জায়গা নেই।”
ওই নেতা বলেন, “এ দলটির উপর নির্যাতন চলছে। তাদের ঘর থেকে বের হতে দেয় না। শীর্ষ নেতাদের জেলে আটকে রাখা হয়েছে। তারা হয়তো নানা কৌশল নিয়ে সামনের দিকে এগুচ্ছে। তবে এই নয় যে তারা আওয়ামী লীগের একক নির্বাচনে যোগ দেবে।”
“আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কিছু নেই” উল্লেখ করে বৈঠক সর্ম্পকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাংলানিউজকে বলেন, “প্রতিদিনই জোটের বৈঠক হয়। বিএনপি নেত্রী ও দলটির মহাসচিবসহ বিভিন্ন পযার্য়ের নেতাদের সঙ্গে বেঠক হচ্ছে নিয়মিত।”
তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াত দীর্ঘদিন ধরে একত্রে কাজ করছে। এ দল দু’টির মধ্যে ভুল বুঝাবুঝির অবকাশ নেই।”
সরকার তাদের এজেন্সির মাধ্যমে বিএনপি-জামায়াত সম্পর্ক নিয়ে নানা কথা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, “জামায়াত একটি আর্দশিক দল। এ দলটি কোন লোভে রাজনীতি করে না। সুতরাং ১৮ দলীয় জোট সরকারের কোন ষড়যন্ত্রকে আমরা গুরুত্ব দিচ্ছি না। কারণ, জোট জনগণকে নিয়ে আন্দোলনে আছে। এ আন্দোলনে জোটের ও এদেশের মানুষের বিজয় হবে।”@বাংলানিউজটোয়েন্টিফোর.কমhttp://www.banglanews24.com/detailsnews.php?nssl=a51efed7a2688abff9bdcf3f4864af2e&nttl=20120914022629138777

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




